শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে পেটালেন এক অভিভাবক!
তুচ্ছ ঘটনায় বরগুনার বামনা উপজেলার গোলক কাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করে আহত করেছেন এক অভিভাবক। শামীম (১০) নামের ওই শিশু বর্তমানে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গত রোববার দুপুরে শিশুটিকে মারধর করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগমের দেবর মজনু হাওলাদার। এরপর মজনু হাওলাদারের হুমকির মুখে আহত শামীমকে দুই দিন ধরে চিকিৎসা দিতে পারেনি শিশুটির পরিবার। পরে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়।
বামনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুমায়ুন শাহিন খান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘শিশুটির শরীরে সামান্য মারধরের আঘাত আছে। তবে সে মানসিকভাবে অনেকটা আতঙ্কগ্রস্ত। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। সুস্থ হয়ে উঠতে আরও দু-তিন দিন লাগতে পারে।’
স্থানীয় লোকজন ও আহত শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, উত্তর কাকচিঁড়া এলাকার গোলক কাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত রোববার দুপুর ১২টার দিকে শ্রেণিকক্ষে বেঞ্চে বসাকে কেন্দ্র করে সহপাঠী লিয়ার সঙ্গে শামীমের ঝগড়া হয়। এ খবর জানতে পেরে লিয়ার নানা মজনু হাওলাদার বিদ্যালয়ে আসেন। তিনি শ্রেণিকক্ষে ঢুকে পাঠদানরত শিক্ষকের উপস্থিতিতে শামীমকে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে প্রধান শিক্ষক তাসলিমা বেগম বিদ্যালয়ে আসেন। তিনি ঘটনা শুনে উল্টো শিক্ষার্থী শামীমকে শাসান এবং গালমন্দ করেন।
শামীমের নানি ফিরোজা বেগম বলেন, ‘শামীমের মা ওমানে থাকে আর বাবা ঢাকায় চাকরি করে। রোববার বিদ্যালয় থেকে বাড়ি আসার পর শামীমকে অসুস্থ লাগছিল। পরে জিজ্ঞেস করতে সে কেঁদে ফেলে এবং তাকে মারধর করার কথা জানায়। পরে আমরা প্রধান শিক্ষক তাসলিমা বেগমের কাছে বিষয়টি জানার জন্য বিদ্যালয়ে যাই।’ ফিরোজা বেগম অভিযোগ করেন, ‘এ সময় প্রধান শিক্ষক ও তাঁর দেবর মজনু হাওলাদার বিষয়টি কাউকে না জানানোর জন্য আমাদের হুমকি দেন। এরপর মজনু হাওলাদার বারবার হুমকি দেওয়ায় আমরা শামীমকে চিকিৎসকের কাছে নিতে সাহস পাইনি। এতে ওর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এবং তীব্র জ্বর ওঠে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মঙ্গলবার সন্ধ্যায় শামীমকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
মজনু হাওলাদার হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ছেলেটিকে মারধর করা আমার অন্যায় হয়েছে। আমার নাতনিকে ও মেরেছে, এই জন্য আমি রাগে শামীমকে দু-একটা চড়-থাপ্পড় দিয়েছি। বেশি মারিনি।’
প্রধান শিক্ষক তাসলিমা বেগম তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দুই শিশু বেঞ্চে বসা নিয়ে একটু ঝামেলা হওয়ায় শামীমকে সামান্য মারধর করা নিয়ে বিরোধ হয়েছিল। আমি সেসব মিটিয়ে দিয়েছি। এ নিয়ে স্যারের (উপজেলা শিক্ষা কর্মকর্তা) সঙ্গে কথা বলেছি। এখন আর কোনো ঝামেলা নেই।’
বামনা উপজেলা শিক্ষা কর্মকর্তা খোকন চন্দ্র মালাকার বলেন, ‘আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অসুস্থ শিক্ষার্থীকে দেখে এসেছি এবং বিষয়টির সুষ্ঠু তদন্তের জন্য একজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’