
বিদ্যালয় ভবনটি তিনতলা। কিন্তু ওপরের দুটি তলা পুলিশের দখলে। দ্বিতীয় তলায় পুলিশ ফাঁড়ি আর তৃতীয় তলায় ফাঁড়ির সদস্যদের থাকার জায়গা। ফলে নিচতলার তিনটি কক্ষে গাদাগাদি করে চলছে প্রায় ৫০০ শিশুর পাঠদান। বিদ্যালয় ভবনে ঢোকার পথও একটি। সেই পথে হুটহাট ঢুকে পড়ছে পুলিশের পাশাপাশি সাধারণ লোকজন।
শিশুদের পাঠদানের এই ব্যবস্থা চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলী পেয়ারী মোহন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। হরহামেশা ঢুকে পড়া বাইরের লোকজনের সামনে প্রতিনিয়ত বিব্রত হতে হচ্ছে শিশু শিক্ষার্থী আর নারী শিক্ষকদের। নয় বছর ধরে চলছে এমনটি। শিক্ষা ও পুলিশ বিভাগের বড় কর্মকর্তাদের কানে গেছে, অনেকে দেখেও গেছেন এই চিত্র। কিন্তু কোনো সুরাহা হয়নি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ বলেন, ‘পুলিশ কমিশনার ও পাহাড়তলী থানার ওসিকে লিখিতভাবে জানানো হয়েছে। সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের সহযোগিতাও চেয়েছিলাম। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং থানা শিক্ষা কর্মকর্তাও বিদ্যালয় পরিদর্শনে এসে বিষয়টি দেখে গেছেন। কিন্তু কিছুই হলো না।’
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০০। বর্তমানে শিক্ষক আছেন সাতজন। সবাই নারী। তিনতলা বিদ্যালয় ভবনটিতে প্রতিটি তলায় তিনটি করে মোট নয়টি কক্ষ আছে। এ ছাড়া নিচতলায় ছোট একটি কক্ষ আছে। সেটিতে বসেন শিক্ষকেরা। ২০০৫ সালে পুলিশ ফাঁড়ি বসানোর আগে শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঠদান চলত নিচতলায়। আর দ্বিতীয় তলায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি এবং তৃতীয় তলায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান করা হতো।
প্রধান শিক্ষক বিউটি দাশ জানান, মোট নয়টি কক্ষের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় তলার ছয়টি কক্ষই এখন পুলিশের দখলে। ফলে নিচতলার তিনটি কক্ষেই ছয়টি শ্রেণির পাঠদান চালাতে হচ্ছে। এ জন্য দুই পালায় ভাগ করে চলছে পাঠদান কার্যক্রম। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম পালায় শুরু শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং এরপর থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত চলে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান।
প্রধান শিক্ষক বলেন, ৩০-৪০ জন ছেলেমেয়ে নিয়ে একটি শাখা খোলার নিয়ম আছে। কিন্তু জায়গার অভাবে তা সম্ভব হচ্ছে না। শিশু শ্রেণির ৯০ জন শিক্ষার্থীকে গাদাগাদি করে পাঠদান করতে হচ্ছে ৩০ জনের বসার উপযোগী একটি কক্ষে। কখনো কখনো এক কক্ষেই বসাতে হচ্ছে দুই শাখার ছাত্রছাত্রীদের।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানাও বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার পরিবেশ সুরক্ষার তাগিদে পুলিশ ফাঁড়িটি দ্রুত সরিয়ে নিতে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছি।’
এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ‘আমরাও চাই স্কুল ভবন থেকে ফাঁড়ি সরিয়ে নিতে। কিন্তু ওই এলাকায় ফাঁড়ির জন্য জায়গা পাওয়া যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’
তবে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’