শ্রেণিকক্ষে শ্রমিক, মাঠে বালু, শিশুদের পড়াশোনা ব্যাহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যুগনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ দখল করে থাকছেন পাশের সড়ক নির্মাণে নিয়োজিত শ্রমিকেরা। এ কাজের বালু-পাথর রাখা হয়েছে বিদ্যালয়টির মাঠে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম জানান, বিদ্যালয়ে বর্তমানে শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করে। শিক্ষক আছেন তিনজন।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, হাটগোপালপুর-আবাইপুর সড়কে উন্নয়নকাজ চলছে। যুগনী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এ সড়কের পাশেই অবস্থিত। বিদ্যালয়ে দুটি ভবন আছে। এর উত্তর পাশে টিনের ছাউনির ভবনে তিনটি কক্ষ। এর একটি দখল করে প্রায় আটজন শ্রমিকের থাকার ব্যবস্থা করা হয়েছে। দখল করা কক্ষটি পঞ্চম শ্রেণির। দক্ষিণ পাশের ভবনে আছে দুটি কক্ষ। এ দুটি ভবনের মাঝখানে খেলার মাঠ। এর প্রায় পুরোটা দখল করে পাথর-বালু রাখা হয়েছে।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নাজিম উদ্দিন বলেন, পাঠদান চলা অবস্থায় ধুলাবালু এসে তাদের চোখে-মুখে পড়ছে। তা ছাড়া মাঠে বালু-পাথর থাকায় তারা খেলাধুলা করতে পারছে না।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, হাটগোপালপুর-আবাইপুর সড়কে এক মাস ধরে ইটের কাজ চলেছে। সে সময় বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ঠিকাদার একটি কক্ষ চেয়ে নেন। সেখানে শ্রমিকদের থাকতে দেন। এরপর রাস্তায় ঢালাইয়ের কাজ হবে। এ জন্য পাথর এনে এক সপ্তাহ ধরে বিদ্যালয়ের মাঠে রাখা হয়েছে। এলাকার লোকজনও পাথর রাখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেন। এখন শিশুদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। আর ধুলাবালুতে অনেকে শ্বাসকষ্টে ভুগছে।
এ ব্যাপারে ঠিকাদার শামীমুল হক বলেন, বিদ্যালয়ের মাঠ ছাড়া মালামাল রাখার তেমন জায়গা পাওয়া যায়নি। তবে চেষ্টা করা হচ্ছে দ্রুত কাজ শেষ করে মাঠ খালি করে দেওয়ার।
বিদ্যালয়ের পাশের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঠিকাদার শামীমুল হক শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। তিনি প্রভাবশালী হওয়ায় বিদ্যালয় মাঠে পাথর রাখতে তাঁকে কেউ বাধা দেননি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে বলেন, ঠিকাদারি কোনো কাজের মালামাল রাখতে হলে বিদ্যালয়ের মাঠ খুঁজে বের করা হয়। কিন্তু এতে যে শিশুদের কষ্ট বাড়ে, সেটা কেউ বুঝতে চান না। তিনি যুগনী বিদ্যালয়ের বিষয়টি দেখবেন বলে জানান।