শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা নির্বাচনে অনিয়ম?
সাতক্ষীরা সদর উপজেলায় শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। ওই নির্বাচন বোর্ডে ১৪ সদস্যের অন্তত পাঁচজনের উপস্থিত থাকার নিয়ম থাকলেও ছিলেন মাত্র দুজন। অনুপস্থিত তিনজনের সই নিয়ে পরে শ্রেষ্ঠ শিক্ষক বাছাই সম্পন্ন করা হয়।
প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা অনুযায়ী শিক্ষক, শিক্ষিকাসহ ১৯টি বিষয়ে শ্রেষ্ঠত্ব বাছাইয়ে ১৪ সদস্যের কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আর সদস্যসচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। অন্য সদস্যরা হলেন পৌর মেয়র, উপজেলা পরিষদের পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইনস্ট্রাক্টর, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, উপজেলা ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক। উপজেলা বাছাই কমিটি সভা করে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার স্থান ও সময় নির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। বাছাইয়ের দিনের আগেই প্রত্যেক সদস্যকে চিঠি দিয়ে হাজির থাকার কথা জানাতে হবে। কমপক্ষে পাঁচজন সদস্য উপস্থিত না থাকলে নির্বাচন বোর্ড পরবর্তী সময়ে সভা করবে।
সাতক্ষীরা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই সাতক্ষীরা সদর ইউএনওর দপ্তরে শ্রেষ্ঠ শিক্ষকসহ অন্যান্য পদে বাছাই হয়। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন হওয়ার জন্য তিনজন আবেদন করেন। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ।
বাদ পড়া দুজন রসুলপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা খাতুন ও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সুলতানা অভিযোগ করেন, ১৪ সদস্যের নির্বাচন বোর্ডে ইউএনও মোহাম্মদ নূর হোসেন ও সদস্যসচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ছাড়া কেউ উপস্থিত ছিলেন না।
বাছাই বোর্ডের তালিকার নথিতে সই রয়েছে সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদের। তিনি বলেন, ‘আমি বাছাই বোর্ডে ছিলাম না। বাসুদেব বিশ্বাস নামের একজন সহকারী শিক্ষা কর্মকর্তা এসে বলেন, সবই ঠিকঠাকমতো বাছাই হয়েছে। কোনো সমস্যা নেই, আপনি একটু স্বাক্ষর করে দেন। আমি স্বাক্ষর দিয়েছি।’ একই কথা বলেন ইউআরসি ইনস্ট্রাক্টর জয়দেব বিশ্বাস।
শ্রেষ্ঠ শিক্ষক বাছাইয়ের নথিতে স্বাক্ষরকারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল হোসেন প্রথমে বলেন, তিনি হাজির ছিলেন না। পরে বলেন শুরুতে গিয়েছিলেন, তখন হাজিরা শিটে স্বাক্ষর করে এসেছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে বাছাই কমিটির তিনজন সদস্য বলেন, ইউএনও ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে কমিটির অধিকাংশ সদস্যকে চিঠি দেওয়া হয়নি। বাছাইয়ের পরে তাঁদের কাছে এলেও তাঁরা স্বাক্ষর করেননি।
জানতে চাইলে বাছাই কমিটির সদস্যসচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমার দুর্বলতা তো আছে। প্রয়োজনীয় সংখ্যক সদস্য হাজির করতে পারিনি।’ সদস্যদের চিঠি না দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
ইউএনও বলেন, ‘আমার সভাপতিত্বে বোর্ডের সভা হয়েছিল। সেখানে কয়েকজন উপস্থিত ছিলেন। কমিটির সদস্যসচিব (উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) জানিয়েছিলেন কয়েকজন সদস্য উপস্থিত হতে পারবেন না। পরে তাঁদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হবে। তাঁদের সিদ্ধান্তকে আমি সম্মান জানিয়ে অনুমতি দিয়েছিলাম।’