শ্লীলতাহানি থেকে বাঁচতে গিয়ে গৃহবধূ আহত
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গত রোববার রাতে ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টাকারী দুর্বৃত্তের হাত থেকে নিজেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন এক গৃহবধূ। গতকাল সোমবার সকালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল মজিদ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ওই নারীর ডান হাতের তালু কেটে গেছে।
ওই নারী বলেন, রোববার রাতে তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। তিনি দুই সন্তান নিয়ে ঘুমিয়ে থাকার সময় রাত আড়াইটার দিকে ধারালো অস্ত্র হাতে মুখোশ পরা এক ব্যক্তি ঘরে ঢুকে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করলে ওই ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। শারীরিক অবয়ব ও কণ্ঠস্বরে তাঁকে উপজেলার রায়কালী গ্রামের রফিকুল বলে মনে হয়েছে।
ভুক্তভোগী নারীর স্বামী বলেন, তিনি শারীরিক অসুস্থতার কারণে আয়-রোজগার করতে পারেন না। তাঁর স্ত্রীই মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান। ঘটনার রাতে তিনি পাশের গ্রামের মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত রফিকুলের মুঠোফোনে সাত-আটবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
আক্কেলপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পর থেকে রফিকুল পলাতক রয়েছেন।