শ্লীলতাহানি থেকে বাঁচতে বঁটি দিয়ে বখাটেকে আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে গত মঙ্গলবার রাতে এক শিশুকে (১৩) শ্লীলতাহানির চেষ্টা করেন বাবলু (২৮) নামের এক বখাটে। এ সময় ওই শিশু বঁটি দিয়ে কুপিয়ে বাবলুকে জখম করে।
ওই শিশুর দিনমজুর বাবার অভিযোগ, বাবলুর পরিবার তাঁদের মামলা-হামলার ভয়ভীতি দেখাচ্ছে। বাবলু সুস্থ হয়ে ফিরে এলে এর প্রতিশোধ নেবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এদিকে স্থানীয় লোকজন ওই শিশুর সাহসী ভূমিকাকে সাধুবাদ জানিয়ে বাবলুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিউদ্দিন ও এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ওই মেয়েটি সাহসী ভূমিকা না নিলে হয়তো আরও একটি মেয়ে ধর্ষণের শিকার হতে হতো। তাঁরা বাবলুর দৃষ্টান্তমূলক শাস্তি চান।
ওই শিশু বলে, কয়েক দিন ধরে তাকে একই ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের এক ধনী পরিবারের সন্তান বাবলু হাঁটতে-চলতে উত্ত্যক্ত করছিলেন। মঙ্গলবার রাতে সে রান্নাঘরে ডিম ভাজতে যায়। এ সময় তাদের ভাঙা রান্নাঘরে বাবলু ঢুকে তার হাত ধরে টেনে পাশের বাগানে নেওয়ার চেষ্টা করেন। প্রথমে সে তার হাতের কাছে থাকা হলুদ-মরিচের গুঁড়ো বাবলুর দিকে ছিটিয়ে দেয়। তাতেও থামেন না বাবলু। বাবলু টেনেহিঁচড়ে তাকে রান্নাঘর থেকে নামিয়ে আনলে সে চিৎকার করে। ঘরের মানুষেরা পাশের ঘরে গিয়েছিল। কেউ এগিয়ে না এলে সে এলোপাতাড়ি বঁটি চালায়। এতে বাবলু আহত হয়। পরে বাবলুকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বুধবার হাসপাতালে ও বাবলুর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর বোন শাহিদা বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে তাঁর ভাই নির্দোষ।
এ ব্যাপারে জানতে চাইলে ভোলা সদর থানার পরিদর্শক (তদন্ত) অসীম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তাঁদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি। এ ঘটনায় ওই শিশুর পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।