শ্লীলতাহানি মামলার আসামি কোথায়, জানেন ওয়ার্ড কাউন্সিলর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে গত বুধবার তাঁর শ্বশুরকে মিরপুর থানায় ডেকে এনেছিল পুলিশ। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই ব্যক্তি থানা থেকে পালিয়ে যান। কিন্তু এর তিন দিন পরও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ বলেছে, আসামি কোথায় আছেন, তা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানেন।

আজ রোববার সন্ধ্যায় জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম প্রথম আলোকে বলেন, ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশীদ তাঁকে বলেছেন, আসামি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা শেষে আসামিকে পুলিশের হাতে তুলে দেবেন বলে ওয়ার্ড কাউন্সিলর তাঁকে আশ্বস্ত করেছেন। এসআই সেলিম আরও বলেন, বুধবার রাতে থানায় তিনি একটি কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে নির্যাতিতার শ্বশুর পালিয়ে যান। মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মিরপুর থানার ওসি গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেছিলেন, আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে সেলিমকে বলা হয়েছে, গ্রেপ্তারে ব্যর্থ হলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হবে।
শ্লীলতাহানির শিকার নারী গত বুধবার রাতে মিরপুর থানায় মামলা করতে যান। পুলিশের নির্দেশে ওই নারীর শ্বশুর থানায় হাজির হন। তাঁর বিরুদ্ধে মামলা হবে আঁচ করতে পেরে তিনি থানা থেকে পালিয়ে যান। পরদিন শ্লীলতাহানির শিকার নারী তাঁর শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন। শ্লীলতাহানির শিকার নারী প্রথম আলোর কাছে অভিযোগ করেন, মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম থানা থেকে তার শ্বশুরকে পালিয়ে যেতে সহায়তা করেছেন। শ্বশুর পালিয়ে গেল কীভাবে, এ নিয়ে এসআই তাঁকে (শ্লীলতাহানির শিকার নারী) ধমক দেন।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন রশীদ জনি প্রথম আলোকে বলেন, আসামির বিষয়ে তিনি কিছুই জানেন না। এসআই সেলিম তাঁর ব্যাপারে মিথ্যা বক্তব্য দিয়েছেন।
নির্যাতনের শিকার নারী অভিযোগ করেন, তাঁর স্বামী নয় বছর ধরে বিদেশে থাকায় তিনি তাঁর দুই সন্তান নিয়ে শ্বশুরসহ শেওড়াপাড়ায় থাকেন। বাসায় আর কেউ থাকেন না। ১৮ আগস্ট শ্বশুর তাঁকে ঘরে ডাকেন এবং একপর্যায়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করলে শ্বশুর দুই সন্তানসহ তাঁকে বাসা থেকে বের করে দেন। গত বুধবার বিকেলে আবার বাসায় ফিরে এলে শ্বশুর তাঁকে মারধর করেন।

আরও পড়ুন...