শ্লীলতাহানির অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন নারীকে শ্লীলতাহানির অভিযোগে রামপুরা থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, এএসআই আবদুল খালেক, মুরাদ হোসেন (মিলন) ও কনস্টেবল আসাদুজ্জামান।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনারের (ডিসি) কাছে ২ মার্চ পূর্ব রামপুরা এলাকার একজন নারী বাসিন্দা ও তাঁর স্বামী রামপুরা থানার ওই চার পুলিশ সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। ওই সময় তাঁরা বাসা থেকে স্বর্ণালংকার, টাকা, মুঠোফোন নিয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে পুলিশের মতিঝিল বিভাগের ডিসি মোহাম্মদ আনোয়ার হোসেন চার পুলিশকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনাটি পুলিশের খিলগাঁও অঞ্চলের সহকারী কমিশনার নূরে আলমকে তদন্ত করে সাত কর্মদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পূর্ব রামপুরার বৌবাজারে নিজ বাসায় ওই নারী গতকাল প্রথম আলোকে বলেন, গত ২৯ ফেব্রুয়ারি বিকেল পৌনে চারটার দিকে রফিকুল, আবদুল খালেক, মুরাদ হোসেন ও আসাদুজ্জামান তাঁদের বাসায় পুলিশ পরিচয় দিয়ে কলবেল বাজান। দরজা খুলতেই তাঁরা জোর করে ভেতরে ঢোকেন। সঙ্গে থাকা পুলিশের সোর্স মাইনুল ওই নারীর বৃদ্ধ মায়ের কক্ষে গিয়ে ওয়ারড্রোব খুলে তল্লাশি করতে থাকেন।
ওই নারী অভিযোগ করেন, ‘তল্লাশির কারণ জানতে চাইলে সোর্স মাইনুল আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।’ এরপর তাঁরা ১৪ হাজার টাকা, এক ভরি ওজনের সোনার গয়না, একটি মুঠোফোন নিয়ে যান। তিনি বলেন, ‘তাঁরা এ সময় আমার বৃদ্ধ মা ও বড় বোনকে জোর করে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করেন। একপর্যায়ে এসআই রফিক, এএসআই খালেক ও কনস্টেবল আসাদ আমাকে টেনেহিঁচড়ে একটি ঘরে নিয়ে শ্লীলতাহানি করেন।’ তিনি আরও বলেন, এ বিষয়ে কোথাও অভিযোগ না করার জন্য হুমকি দিয়ে তাঁরা চলে যান। তাঁদের কথা না শুনলে ইয়াবা মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেন। এখন তিনি নিজের ও সন্তানের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন। তিনি পরিবারের নিরাপত্তাসহ পুলিশি হয়রানির বিচার দাবি করেন।
গতকাল রাতে যোগাযোগ করা হলে এসআই রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এএসআই মিলনের তথ্যের ভিত্তিতে আমি ওই বাসায় গিয়েছিলাম। তদন্তে দোষী হলে আমি তা মেনে নেব।’