শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত
নড়াইলের কালিয়া উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার নাগরিক সমাজের ব্যানারে তাঁর স্থায়ী অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, ছাত্রীটিকে ওই শিক্ষক বেশ কিছুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত শনিবার বাসায় প্রাইভেট পড়ানোর সময় তিনি আবার কুপ্রস্তাব ও শ্লীলতাহানি করলে ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। ওইদিনই ছাত্রীর মা বিদ্যালয় পরিচালনা পর্ষদের কাছে লিখিত অভিযোগ দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীমুর রহমান বলেন, ‘কাগজে ওই শিক্ষকের সই নেওয়া হলেও তাঁকে আমি ছেড়ে দিইনি। তিনি পালিয়ে গেছেন। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি করা হয়েছে। ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
ওই শিক্ষক আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।