শ্লীলতাহানির অভিযোগ তুলে বাড়িতে হামলা, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলের খামারগাঁও গ্রামে উৎপল চন্দ্র মজুমদার নামের এক ব্যক্তির বাড়িতে গতকাল বুধবার দুপুরে হামলা হয়েছে। হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুরসহ লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
উৎপল চন্দ্রের স্ত্রী লিলি মজুমদার বলেন, দুপুর ১২টার দিকে তিনি বাড়ির চারপাশে লোকজনের শোরগোল শুনতে পান। বাইরে বেরিয়ে শতাধিক লোকজনকে ফটক ভেঙে ঢুকে বাড়ি ভাঙচুর করতে দেখেন। এ দৃশ্য দেখে তিনি মেয়েকে নিয়ে পালিয়ে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন।
চারজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে বলেন, হামলাকারীরা ঘরের দরজা-জানালা ভেঙে পূজার আয়োজন তছনছ করাসহ লুটপাট চালায়।
গ্রামের আরও ছয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাস তিনেক আগের এক রাতে বাড়ি ফেরার পথে উৎপল স্থানীয় এক নারী পোশাককর্মীকে নিজের সাইকেলে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। ওই নারী রাজি না হওয়ায় উৎপল তাঁকে জোর করে সাইকেলে তোলার চেষ্টা করেন। ওই নারী পরে তাঁর আত্মীয় ও স্থানীয় প্রভাবশালী মোসলেম উদ্দিন মাস্টারের কাছে উৎপলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। মোসলেম উদ্দিন কিছু উচ্ছৃঙ্খল লোকজনকে নিয়ে নিজেই গ্রামে একাধিকবার সালিস বসানোর চেষ্টা করেন। কিন্তু উৎপল চন্দ্র এসব সালিসে উপস্থিত হননি।
লিলি মজুমদার অবশ্য দাবি করেন, শ্লীলতাহানির ঘটনাটি সাজানো। তাঁদের কাছ থেকে চাঁদাবাজি করতেই এ ধরনের অভিযোগ আনা হয়েছে। হামলাকারীদের ভয়ে তাঁর স্বামী আগেই গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
ইউনিয়ন পরিষদে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, গতকাল সকালে চণ্ডীপাশা ইউপি চত্বরে সালিসের নামে কিছু লোক জড়ো করেন মোসলেম মাস্টার। পরে সেখান থেকে একটি দল গিয়ে উৎপলের বাড়িতে হামলা চালায়। তবে মোসলেম মাস্টার হামলায় ইন্ধন জোগানোর অভিযোগ অস্বীকার করেন।
ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া বলেন, তাঁর পরিষদে কোনো সালিস বাসনোর কথা তিনি জানেন না।
নান্দাইল থানার ওসি কাজী আয়ূবুর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের মামলা করতে বলাসহ আইনগত সব সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।