শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে একজন আটক
ময়মনসিংহের নান্দাইলে এক মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার নান্দাইল পৌর শহরের হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ছাত্রী গতকাল নান্দাইল থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
মাদ্রাসাছাত্রী অভিযোগ করে, গতকাল সকালে আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি সনদ সংগ্রহ করার জন্য যাচ্ছিল। নান্দাইল শহরের হাসপাতাল সড়ক অতিক্রমের সময় ওই যুবক (৩৫) তাঁর দোকান থেকে বের হয়ে তাকে (ছাত্রী) রাস্তা থেকে তুলে দোকানে ঢোকানোর চেষ্টা করেন। কিন্তু যেতে রাজি না হওয়ায় ওই যুবক তার শ্লীলতাহানির চেষ্টা করেন। সে বিষয়টি থানায় গিয়ে জানালে পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
ছাত্রীর বড় বোন অভিযোগ করেন, ওই যুবকের সঙ্গে তাঁদের পরিবারের বিরোধ চলছে। এর জেরে তাঁর ছোট বোনকে রাস্তা থেকে তুলে নিতে ব্যর্থ হওয়ায় ওই যুবক তাঁর বোনের শ্লীলতাহানির চেষ্টা করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আতাউর রহমান বলেন, আটক যুবক ও ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।