শ্লীলতাহানির চেষ্টায় ছাত্রীর আত্মহত্যা : প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টায় কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি শাহিন হোসেনকে (২৫) পুলিশ আজ রোববার গ্রেপ্তার করেছে। তাঁকে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের একটি দল আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাটের কালাই উপজেলার শান্তিনগর বাজার এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালাই থানা-পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার উৎরাইল গ্রামের কলেজছাত্রী মুনিশা বেগমকে (১৭) উত্ত্যক্ত করে আসছিলেন প্রতিবেশী শাহিন হোসেন। এ ব্যাপারে মুনিশার মা-বাবা অভিযোগ করলেও শাহিনের পরিবার বিষয়টিকে পাত্তা দেয়নি। গত বৃহস্পতিবার সকালে মুনিশার বাবা মোজাহার হোসেন কাজে বগুড়ার শিবগঞ্জে যান। আর মা মনোয়ারা বেগম ১০ টাকা কেজি দরের চাল কিনতে পুনট ইউনিয়ন পরিষদে যান। ওই দিন বাড়িতে মুনিশাকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন শাহিন। ক্ষোভে, অভিমানে ওই রাতে নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মুনিশা। সে উপজেলার নান্দাইল দীঘি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় মুনিশার বাবা বাদী হয়ে গত শুক্রবার শাহিন, তাঁর বাবা মন্টু মিয়া ও মা ফাহিমা বেগমকে আসামি করে কালাই থানায় মামলা করেন।