শ্লীলতাহানির দায়ে বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের সুপারিশ প্রতিমন্ত্রীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীর শ্লীলতাহানির দায়ে সাময়িক বরখাস্ত হওয়া নাটোরের সিংড়ার একটি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে স্বপদে পুনর্বহালের সুপারিশ করে চিঠি দিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী। চিঠি পেয়ে বিস্মিত ও হতাশ হয়েছে বিদ্যালয়টির কর্তৃপক্ষ। সুপারিশ মানা হলে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা করছে তারা।
জয়নগর-তাজপুর উচ্চবিদ্যালয় সূত্র জানায়, এ বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে সহকারী প্রধান শিক্ষক নাসিম আলী আকন্দকে ‘জুতাপেটা’ করা হয়। পরে তাঁকে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদ গত ২৯ অক্টোবর তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়। তবে তিনি স্বপদে বহাল হওয়ার জন্য নানাভাবে চাপে রেখেছেন কর্তৃপক্ষকে। সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারি তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী এবং নাটোর-৩ (সিংড়া) আসনের সাংসদ জুনাইদ আহ্মেদের পাঠানো একটি চিঠি (ডিও) প্রধান শিক্ষকের কার্যালয়ে জমা দিয়েছেন। চিঠিতে প্রতিমন্ত্রী সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক নাসিম আলী আকন্দকে স্বপদে পুনর্বহালের সুপারিশ করেছেন। প্রধান শিক্ষক মহসিন আলী চিঠি প্রাপ্তির কথা নিশ্চিত করে বলেন, চিঠিটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরাবর লেখা হয়েছে। তিনি সদস্যসচিব হিসেবে চিঠির বিষয়টি সভাপতিকে জানিয়েছেন।
প্রধান শিক্ষক বলেন, চিঠিটি হস্তান্তরের পর থেকে বরখাস্ত হওয়া ওই শিক্ষক প্রতিনিয়ত তাঁকে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। কিন্তু তিনি এই চিঠি পেয়ে চরমভাবে হতাশ হয়েছেন। কারণ, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের একটি কক্ষে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এবং তা প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়। এ অবস্থায় ওই শিক্ষককে বহাল করা হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হবে। অভিভাবকেরা আর বিদ্যালয়ে ছাত্রী পাঠাতে চাইবেন না।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন সরদার বলেন, ‘একজন লম্পটের জন্য প্রতিমন্ত্রীর পাঠানো ওই চিঠি পেয়ে আমি বিস্মিত ও হতভম্ব হয়েছি।’ তিনি বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার ছাত্রীদের শ্লীলতাহানি, শিক্ষার্থীদের নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাঁকে এর আগেও বরখাস্ত করা হয়েছিল। তিনি স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়ে মানবিক কারণে চাকরি ফিরে পেয়েছেন। ওই অঙ্গীকারনামায় তিনি লিখেছিলেন, ‘ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে তিনি চাকরি ছেড়ে যাবেন’। এরপরও তিনি শ্লীলতাহানির মতো গুরুতর অপরাধ করে আবার প্রতিমন্ত্রীর ‘ডিও লেটার’ নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘আমার হাত দিয়ে আমি আর ওই শিক্ষকের চাকরি ফিরিয়ে দেব না। প্রয়োজনে আমি আমার পদ থেকে পদত্যাগ করব। কারণ, ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।’
এ ব্যাপারে কথা বলার জন্য গত শুক্রবার রাতে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের মুঠোফোনে ফোন করা হয়। এক ব্যক্তি ফোন ধরে প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব বলে নিজের পরিচয় দেন। ঘটনা জেনে তিনি বলেন, প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরে বক্তব্য জানানো হবে। গতকাল রোববার কথা বলার জন্য চেষ্টা করেও প্রতিমন্ত্রীর ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে শ্লীলতাহানির শিকার ওই ছাত্রীর বাবা বলেন, ওই ঘটনার পর থেকে তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। সে বিদ্যালয়ে যেতে ভয় পায়। ইতিমধ্যে কয়েকবার ওই শিক্ষক ও কিছু অনুসারী তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিয়েছেন। প্রত্যাহার করা না হলে তাঁদের এর চেয়ে বড় ক্ষতি করারও ভয় দেখানো হয়েছে। এ অবস্থায় ওই শিক্ষককে পুনর্বহাল করা হলে মেয়েরা আর ওই বিদ্যালয়ে যেতে চাইবে না। মেয়েটির মা বলেন, ‘একজন শিক্ষক কী করে ছাত্রীদের বারবার শ্লীলতাহানি করেন, তা আমার বোধগম্য নয়। একইভাবে কর্তৃপক্ষ ও সাংসদ কী করে তাঁকে বারবার ক্ষমা করেন, তাও বুঝি না। এটা লজ্জাজনক। কষ্টের কথা।’
অভিযুক্ত শিক্ষক নাসিম আলী আকন্দ সব অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করা হয়েছে। তাঁর স্ত্রী-সন্তান রয়েছে। মিথ্যা অপবাদে তিনি বরখাস্ত হওয়ায় তাঁর সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে। তাই তিনি চাকরি ফিরে পাওয়ার জন্য প্রতিমন্ত্রীর চিঠি এনেছেন।