শ্লীলতাহানির মূল্য ১০ হাজার টাকা
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পল্লিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রাম্য মাতবরেরা এক তরুণকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। ওই তরুণের নাম রুবেল (১৯)। তিনি উপজেলার সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা।
গ্রামবাসী ও সালিস সূত্রে জানা গেছে, গত বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী (১০) বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে যায়। এ সময় রুবেল তাকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে রুবেল পালিয়ে যান।
শিশুর বাবা এ ঘটনায় গ্রামের মাতবরদের কাছে বিচার দাবি করেন। মাতবররা বিষয়টি নিয়ে গতকাল বুধবার সকালে সালিস বৈঠকে বসেন। বৈঠকে তাঁরা রুবেলকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে শিশুটির বড় ভাই সুবিচার পাননি এমন অভিযোগ করে বলেন, ‘রুবেলের বাবা এলাকার মধ্যে প্রভাবশালী। তিনি প্রভাব খাটিয়ে গ্রাম্য মাতবরদের চাপ দিয়ে আমার বোনের শ্লীলতাহানির মূল্য মাত্র ১০ হাজার টাকা নির্ধারণ করেছেন। আমরা গরিব, তাই দোষী ছেলেকে সাজা দেওয়া হয়নি। জোর করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে।’
সালিস বৈঠকে উপস্থিত মাতবর আলাল উদ্দীন, শামছুল ইসলাম, কামরুল ইসলাম ও খোকা মিয়া বলেন, ‘উভয় পক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ রায় দেওয়া হয়েছে। তা ছাড়া রুবেলের বাবা এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। তাঁর মান-সম্মানের কথাও তো আমাদের চিন্তা করতে হবে।’ এ বিষয়ে রুবেলের বাবা বলেন, ‘মেয়ের বাবাকে ১০ হাজার টাকা দিয়ে আপস করে নিয়েছি।’