শ্লীলতাহানির শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে জনসমক্ষে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কামড়ে দেন জুয়েল (২৪) নামের এক তরুণ। আইন উপেক্ষা করে সালিস করে এর বিচার করা হয়। এতে ওই তরুণকে মাত্র ১৫টি বেত্রাঘাত করা হয়। গতকাল শনিবার ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসক ও জেলা হাকিম মোহা. সেলিম উদ্দিন বলেন, এ ধরনের ঘটনায় ইউনিয়ন পরিষদ বা সালিসের বিচার করার বৈধতা নেই। মেয়েপক্ষ ইচ্ছা করলে থানায় মামলা করতে পারে।
প্রত্যক্ষদর্শী, ওই ছাত্রী ও তার পরিবার সূত্র জানায়, ওই তরুণ বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায়ই মেয়েটিকে উত্ত্যক্ত করতেন। মেয়েটির বাবা দরিদ্র। তাই এর প্রতিবাদ করার সাহস পাননি। গতকাল সকাল নয়টার দিকে ওই তরুণ মেয়েটির মুখে কামড় দিয়ে পালিয়ে যান।
ভোলা সদর থানার এসআই সাইদুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, গতকাল বেলা একটার দিকে বিদ্যালয়ের কার্যালয়ে সালিস হয়। এতে কাচিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাজাহান মাস্টার, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মনির হোসেন, সংরক্ষিত আসনের নারী সদস্যের স্বামী মো. ইয়াছিন, ওই তরুণ জুয়েল ও তাঁর চাচা আবদুল মালেক প্রমুখ উপস্থিতি ছিলেন। সালিসে জুয়েলকে ১৫টি বেত্রাঘাত করা হয়। এ ছাড়া তিনি মেয়েটির মায়ের পা ধরে ক্ষমা চান।
সালিসের প্রধান শাজাহান মাস্টার বলেন, ‘আমি বিচার করতে চাইনি। সবাই মিলে ধরায় বিচার করতে বাধ্য হয়েছি।’