শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় আটক ৫
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নিহত ইয়ার আলীর সাবেক স্ত্রী ফেরদৌসী বেগম (৪৫), তাঁর বোন শরিফা খাতুন (৩০), শরিফার স্বামী আসাদুল ইসলাম (৪০), নিহত ইয়ার আলীর ভাতিজা মাসুদ রানা (৩০) ও প্রতিবেশী জিয়ারুল ইসলাম (৩৫)।
সোমবার দুপুরে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক প্রথম আলোকে বলেন, সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ওই পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁরা সবাই বর্তমানে পুলিশের হেফাজতে থানা-হাজাতে আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, নিহত ইয়ার আলীর প্রায় ৪৫ বিঘা জমি আছে। এই জমি নিয়ে বিরোধের জেরে ওই হত্যাকাণ্ড হয়েছে। এ ঘটনায় নিহত ইয়ার আলীর ছোট মেয়ে ইতি খাতুন বাদী হয়ে থানায় মামলার প্রক্রিয়া শুরু করেছেন। ইতি খাতুনের দাবি, ‘জমি-জমাকে কেন্দ্র করে আমার বাবা-মাকে হত্যা করা হয়েছে।’
রোববার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের গোবিন্দপুর মোল্লাপাড়ায় শয়নকক্ষ থেকে ইয়ার আলী মোল্লা (৫৫) ও তাঁর দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুনের (৪৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে শনিবার দিবাগত রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে ওই দম্পতিকে হত্যা করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাঁসুয়া উদ্ধার করেছে পুলিশ।