শয়নকক্ষের জানালা দিয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি
বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তারাজুল ইসলামকে গুলি করেছে সন্ত্রাসীরা। ঈদ করতে গ্রামের বাড়ি গাবতলীর আটবাড়িয়ায় গেলে শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ির শয়নকক্ষের জানালা দিয়ে তাঁকে গুলি করে সন্ত্রাসীরা।
আহত চেয়ারম্যানের সঙ্গে থাকা বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদরের শাখারিয়া ইউপির চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে লাইফ সাপোর্টে রাখার পরামর্শ দেন। খরচের দিক বিবেচনা করে সেখান থেকে রোগীকে নিয়ে বগুড়ায় রওনা দেওয়া হয়েছে।’
স্বজন ও প্রতিবেশীরা জানান, তারাজুল ইসলাম বগুড়া শহরের রহমাননগর এলাকায় সপরিবারে বসবাস করতেন। ঈদ উদযাপনের জন্য তিনি গাবতলীর আটবাড়িয়া গ্রামে যান। শুক্রবার রাতে নিজ শয়নকক্ষে তিনি ঘুমিয়ে পড়েন।
পরিবারের একজন সদস্যের বরাত দিয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বলেন, রাত তিনটার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি শয়নকক্ষের জানালায় আঘাত করে। শব্দ পেয়ে চেয়ারম্যানের স্ত্রী ঘুম থেকে জেগে জানালা খুলে দেন। এ সময় অজ্ঞাতনামা ওই দুই ব্যক্তি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চাইলে তারাজুল ইসলাম বিছানা থেকে মাথা উঁচু করতেই সন্ত্রাসীরা তাঁর মাথা লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সিরাজগঞ্জের খাজা ইউনুস বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে আজ বেলা সাড়ে ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
ওসি আরও বলেন, ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন, সরকারি খাস পুকুর ইজারা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তারাজুল ইসলামের পূর্ববিরোধ ছিল। এসব কারণেই চেয়ারম্যানের ওপর এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হামলার সুনির্দিষ্ট কারণ অজানা।