ষড়যন্ত্রের অভিযোগ সাংসদের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার তদন্তে সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর ভাইদের সম্পৃক্ততার বিষয়টি এখন স্পষ্ট। তাই তাঁরা আত্মগোপনে গিয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছেন। গতকাল মঙ্গলবার টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ এ অভিযোগ করেন।
নাহার আহমেদ ফারুক হত্যা মামলার বাদী। লিখিত বক্তব্যে নাহার আহমেদ বলেন, গোয়েন্দা পুলিশের তদন্তে বের হয়ে এসেছে সাংসদ আমানুর এবং তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান (মুক্তি), ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাকন) ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সানিয়াত খান (বাপ্পা) ফারুক আহমেদ হত্যাকাণ্ডে জড়িত। এ হত্যায় তাঁদের সম্পৃক্ততার কথা উল্লেখ করে একাধিক আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন। এরপর থেকেই তাঁরা আত্মগোপনে গিয়ে তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং ফারুক হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেছেন। এর অংশ হিসেবে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে মামুনুর রশীদ নামের এক ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া এক আবেদনে ফারুক হত্যা মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়ার দাবি জানিয়েছেন। ওই আবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার তদন্ত নিয়ে পুলিশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হয়রানি করছে।
নাহার আহমেদ বলেন, ‘গোয়েন্দা পুলিশ এ মামলা সুষ্ঠুভাবে তদন্ত করছে। তাদের তদন্তের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তাদের তদন্তের ফলেই প্রভাবশালী খুনি চক্রকে চিহ্নিত করা গেছে।’ সঠিক তদন্তের মাধ্যমে পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়ে তিনি বলেন, তড়িঘড়ি করে দুর্বল তদন্তের কারণে আইনের ফাঁকফোকর দিয়ে খুনিরা বের হয়ে যেতে পারে।
নাহার আহমেদ অভিযোগ করেন, অনেক অনুসন্ধান করেও টাঙ্গাইলে মামুনুর রশীদ নামের কোনো ছাত্রলীগ নেতা বা কর্মীকে খুঁজে পাওয়া যায়নি। খান পরিবারের খুনি চক্র শুধু বিভ্রান্তি সৃষ্টির জন্য এই ছদ্ম নাম ব্যবহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ওয়াজির হাসান খান, জেলা যুবলীগের সাবেক সভাপতি শওকত রেজা, আওয়ামী লীগের জার্মান শাখার যুগ্ম সম্পাদক তানভীর হাসান, জেলা তাঁতি
লীগের আহ্বায়ক সোলায়মান হাসান, ফারুক আহমেদের আত্মীয় সাবেক কাউন্সিলর সাইফুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।