ষাঁড়ের মালিককে জরিমানা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একটি ষাঁড়ের মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোহাম্মদ তোফায়েল আহমেদ।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন মিয়া জানান, উপজেলার আশ্রবপুর এলাকায় জুয়াড়িদের ষাঁড়ের লড়াই আয়োজনের খবর পেয়ে বুধবার গভীর রাতে তিনি সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিভিন্ন স্থান থেকে আসা ষাঁড়ের মালিকদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। পরে ভোরে লড়াইয়ের ময়দান থেকে পুলিশ একটি ষাঁড় আটক করে থানায় নিয়ে যায়। গতকাল বিকেলে কেন্দুয়া উপজেলার দলপা এলাকার আজিজুল ইসলাম (৩৫) থানায় গিয়ে ষাঁড়টি নিজের বলে দাবি করেন। পরে থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা আজিজুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। আজিজুল জুয়া খেলায় অংশ নিতে এসেছিলেন বলে স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান। পরে আদালত আজিজুলকে জরিমানা করেন।
এদিকে উপজেলার কবীরপুর মোড় থেকে বুধবার গভীর রাতে আধা কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মো. আবু চান (৫৫) ও মাসুদ মিয়াকে (২৫) আটক করেন রায়েরবাজার পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম। পরে থানায় মাদক আইনে মামলা করে দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।