ষাঁড়ের লড়াই বাধাল বড়রা, প্রাণ গেল কিশোরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজা করার জন্য দুটি ষাঁড়ের লড়াই বাধিয়ে দিয়েছিল একজন। এ নিয়ে বিতণ্ডা শুরু হলো বড়দের মধ্যে। সেই থেকে সংঘর্ষ। আর তাতে প্রাণ গেল এক কিশোরের। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আমড়াখাইর গ্রামে এ ঘটনা ঘটে আজ বুধবার সকালে। 

সংঘর্ষে আহত পাঁচজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
নিহত কিশোরের নাম সুজাত মিয়া (১৫)। সে উপজেলার বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবীগঞ্জের বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাইর গ্রামের ফয়েজ উল্লাহর একটি ষাঁড় গ্রামের মাঠে বাঁধা ছিল। আজ সকাল আটটার দিকে একই গ্রামের আবদুল খালেকের ছেলে নাজমুল (২৬) অপর একটি ষাঁড় নিয়ে ওই বাঁধা ষাঁড়ের সঙ্গে লড়াই জড়িয়ে দেন। এ দৃশ্য দেখে প্রতিবাদ করেন ষাঁড়ের মালিক ফয়েজ উল্লাহর দুই আত্মীয়। তাঁদের সঙ্গে বাদানুবাদ হয় নাজমুলের। উভয়ের আত্মীয়স্বজনের কাছে এ খবর পৌঁছালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আধা ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষে ছয়জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকেরা সুজাত মিয়াকে মৃত ঘোষণা করেন। সে ওই গ্রামের অপর মিয়ার ছেলে। এ ঘটনায় অপর আহত ফয়েজ উল্লাহ (৫৫), ছায়েদুল নেহার (৪৫), আল-আমিন (২২), আবদুল্লাহ (৭০) ও জসিমকে (৪২) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তাঁরা সবাই নিহত কিশোরের আত্মীয়স্বজন।
নিহত সুজাত মিয়ার বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আবদুল খালেক, তাঁর ছেলে নাজমুল ইসলাম ও শাহিনুর মিয়াকে গ্রেপ্তার করেছে বলে জানান নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান। তিনি বলেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।
এদিকে সংঘর্ষে স্কুলছাত্রের নিহত হওয়ার খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুল ইসলাম ভূইয়া আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।