ষোলশহর স্টেশনে ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে স্টেশনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকাল পৌনে সাতটার দিকে স্টেশন মাস্টারের কক্ষ ও স্টেশনের পুলিশ ইনচার্জ জাকির হোসাইনের কক্ষের সামনে ককটেল দুটির বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশ কনস্টেবল সোহেল রানা প্রথম আলোকে বলেন, ‘আমি তখন ষোলশহর স্টেশনের পুলিশ ইনচার্জ জাকির হোসাইনের কক্ষের ভেতরে ছিলাম। সকালে হঠাৎ দুটি ককটেল বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। কক্ষের ভেতরে থাকায় এবং ধোঁয়ার কারণে আমি কিছুই দেখতে পাইনি।’
ককটেল বিস্ফোরণের পর বিশ্ববিদ্যালয়গামী সকাল সাড়ে সাতটার ট্রেন ছাড়েনি। তবে পরের সবগুলো শাটল ট্রেন নির্ধারিত সূচি অনুযায়ী স্টেশন ছেড়ে যায়। ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সকাল সাড়ে সাতটার ট্রেনটি যান্ত্রিক ত্রুটির কারণে ছাড়া হয়নি।’
গতকাল ক্যাম্পাসে ছাত্রদল ধর্মঘট ডেকেছিল। এ কারণে ষোলশহর স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন যাতে ছেড়ে যেতে না পারে এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়াতে ককটেল হামলা চালানো হতে পারে বলে মনে করছে পুলিশ।
এ বিষয়ে ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অতীতে অনেক আন্দোলন দেখেছি। এবার প্রথম এমনটা দেখলাম।’
অবশ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘটের কোনো প্রভাব ছিল না। ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল স্বাভাবিক।
অর্থপাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের প্রতিবাদে গতকাল ছাত্রদল ক্যাম্পাসে ছাত্র ধর্মঘটের ডাক দেয়।