জঙ্গিবিরোধী খুতবা নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করায় রূপগঞ্জে শিক্ষক গ্রেপ্তার
ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ
মসজিদে জঙ্গিবিরোধী খুতবা সম্পর্কে বিরূপ মন্তব্যের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গ্রেপ্তার হওয়া স্কুলশিক্ষক মমতাজুর রহমানকে (৫৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। গত শনিবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত এ নির্দেশ দেন।
মমতাজুর রহমানের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার জয়াগ গ্রামে। তিনি রূপগঞ্জের ভুলতা স্কুল অ্যান্ড কলেজের কৃষিবিষয়ক শিক্ষক। পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গত শুক্রবার রাতে মমতাজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। তিনি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কি না, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
ভুলতা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম বলেন, ‘জঙ্গিবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশন জুমার নামাজে বিশেষ খুতবা নির্ধারণ করে। সে অনুযায়ী আমার মসজিদেও শুক্রবার খুতবা পড়া হয়। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় মমতাজুর রহমান আমার কাছে “জঙ্গি” শব্দের অর্থ জানতে চান। তাঁকে জঙ্গি শব্দের অর্থ ও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বুঝিয়ে বলি। এ সময় তিনি আমাকে বলেন, “সরকারের হালুয়া-রুটি খাওয়ার জন্য ও চাকরি বাঁচানোর জন্য আপনারা এ ধরনের খুতবা দিচ্ছেন। সামনে আপনাদের মতো ইমামদের জন্য দুর্দিন আসছে।” বিষয়টি শুনে ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির মোল্লা এগিয়ে আসেন। তিনি ওই শিক্ষকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। কিছুক্ষণ পর হুমায়ুন কবির মোল্লা বিষয়টি স্থানীয় সাংসদকে জানান। সাংসদ টেলিফোনে সন্ধ্যার দিকে আমার কাছে ঘটনাটি জানতে চান। আমি যা ঘটেছে, সাংসদকে তা বলি। রাতে ওই শিক্ষকের স্ত্রী ফোন করে আমাকে বলেন, “আপনার অভিযোগের কারণে আমার স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেছে।” তাঁকে জানাই, আমি কোনো অভিযোগ করিনি।’
ওই বিদ্যালয়ের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, হুমায়ুন কবির মোল্লা ভুলতা স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য। তিনি স্কুলের সীমানার ভেতরে স্টেশনারি দোকান দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের ওই দোকান থেকে বই, খাতা, কলমসহ অন্যান্য সামগ্রী কিনতে বাধ্য করেন। এ নিয়ে মমতাজুর রহমানের সঙ্গে হুমায়ুন কবিরের মনোমালিন্য চলছিল। এ কারণে ওই শিক্ষককে জঙ্গি বানানোর চেষ্টা করা হচ্ছে।
তবে হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘শিক্ষক যখন মসজিদের ইমাম সাহেবের ওপর চড়াও হয়ে বাগ্বিতণ্ডা করছিলেন, তখন তাঁকে আমি নিবৃত্ত করার চেষ্টা করি। বিষয়টি কে সাংসদকে জানিয়েছেন, সেটা আমার জানা নেই।’
গ্রেপ্তার হওয়া শিক্ষকের স্ত্রী নাসরিন বেগম বলেন, তাঁর স্বামী উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি তাঁর স্বামীর মুক্তির জন্য সরকারের সহযোগিতা চান।
ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল আউয়াল মোল্লা বলেন, ‘মমতাজুর রহমান ১৮-১৯ বছর ধরে এই স্কুলে চাকরি করছেন। ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে কেউ অভিযোগ করেননি। তিনি ভালো শিক্ষক হিসেবে পরিচিত। কেন তিনি মসজিদের ইমামকে ওই ধরনের প্রশ্ন করলেন, বিষয়টি নিয়ে আমিও বিস্মিত।’