সংকট পুঁজি করে চলছে পানির অবৈধ ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড় এলাকা থেকে পাথরঘাটা সতীশ বাবু লেনের দূরত্ব আধা কিলোমিটারের চেয়েও কম। গতকাল সোমবার দুপুরে নিউমার্কেট এলাকা থেকে পানি কিনে ভ্যানে করে সতীশ বাবু লেনে প্রতি ব্যারেল ১২০ টাকায় বিক্রি করছিলেন মো. ওয়াজিউল্লাহ নামের এক বিক্রেতা।
ওয়াজিউল্লাহ বলেন, প্রতিদিন নিউমার্কেট মোড়ের একটি গভীর নলকূপ থেকে পানি কিনে বিক্রি করেন। এক ব্যারেলে ধরে ২০০ লিটার পানি, কেনেন ২৫ টাকায়। আর বিক্রির দাম এলাকাভেদে ওঠানামা করে। তাঁর মতো ওই নলকূপ থেকে পানি কিনে ব্যবসা করেন আরও ১২ থেকে ১৫ জন।
ওয়াজিউল্লাহ যে গভীর নলকূপ থেকে পানি কেনেন সেটি খুঁড়েছেন মো. ইসমাইল। তিনি নিউমার্কেটের উল্টো দিকে অবস্থিত একটি গণশৌচাগারের ইজারাদার। ওয়াসার কাছ থেকে লাইসেন্স নিয়ে গভীর নলকূপ খুঁড়ে গণশৌচাগারে পানি সরবরাহ করছেন। পাশাপাশি নলকূপটি থেকে তিনি অবৈধভাবে পানি বিক্রির কাজও করছেন। কয়েকজন ব্যক্তি তাঁর কাছ থেকে পানি কিনে পাঁচ-ছয় গুণ বেশি দামে নগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করছে।
যোগাযোগ করা হলে পানি বিক্রির কথা স্বীকার করেন মো. ইসমাইল। প্রথম আলোকে তিনি বলেন, ‘পানির জন্য মানুষ কষ্ট পাচ্ছে। ওয়াসার পানি না পেলে তারা আমার কাছে আসে। আমি কারও কাছে যাই না।’
চট্টগ্রাম ওয়াসার হিসাবমতে, নগরে প্রতিদিন পানির চাহিদা গড়ে ৫০ কোটি লিটার। এর বিপরীতে ওয়াসা সরবরাহ করতে পারে ১৮-২০ কোটি লিটার। নগরে বিশুদ্ধ পানি সরবরাহের দায়িত্ব ওয়াসার। অথচ প্রায় দু-তৃতীয়াংশ নগরবাসীই ওয়াসার সেবা থেকে বঞ্চিত। গরমের মৌসুমে পানির সংকট চরমে পৌঁছে। এই সংকটকে পুঁজি করে নগরের বিভিন্ন এলাকায় কিছু ব্যক্তি অবৈধভাবে ওয়াসার সংযোগ থেকে বা গভীর নলকূপের পানি তুলে চড়া দামে নগরবাসীর কাছে বিক্রি করে আসছেন। মাঝেমধ্যে ওয়াসার অভিযানে এঁদের দু-এক জন ধরাও পড়ছেন।
অবৈধভাবে গভীর নলকূপ খুঁড়ে এবং ওয়াসার লাইন নিয়ে ২০০৭ সাল থেকে নগরের হালিশহর এক্সেস রোড আনন্দপুর এলাকায় ব্যবসা করে আসছিলেন মো. মোরশেদ নামের এক ব্যক্তি। প্রতিদিন ১৫টি ভ্যান গাড়ি করে নগরের বিভিন্ন এলাকায় তিনি পানি বিক্রি করতেন। গত রোববার অভিযান চালিয়ে মোরশেদকে আটক করে এক মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকার জরিমানা করেন ওয়াসার ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, নগরে ওয়াসার লাইসেন্স নিয়ে আবাসিক ও অনাবাসিক পর্যায়ে প্রায় ৩ হাজার ২০০টি গভীর নলকূপ খোঁড়া হয়েছে। আইন অনুযায়ী, এগুলো থেকে পানি উত্তোলন করে গ্রাহক তাঁর প্রয়োজন মেটাতে পারবেন। তবে কোনোভাবেই পানি বাইরে বিক্রি করা যাবে না।
চট্টগ্রাম ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘নগরের কাট্টলী, পাহাড়তলী, মোগলটুলী, হালিশহর, বন্দরটিলা, পতেঙ্গাসহ বেশ কিছু এলাকায় পানির অবৈধ বাণিজ্য হচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। এগুলো সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছি। অবৈধ বাণিজ্য বন্ধে এখন থেকে নিয়মিত অভিযান চলবে।’
ওয়াসা সূত্র জানায়, নগরের পানি সংকট দূর করতে কয়েকটি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। চলতি বছরেই এটি চালু হলে দৈনিক ১৪ কোটি লিটার পানি যোগ হবে। এ ছাড়া চট্টগ্রাম ওয়াসা পানি সরবরাহ উন্নীতকরণ এবং কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প (ফেইজ-২) নামের আরও দুটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এগুলোর কাজ শেষ হলে দৈনিক আরও ২৩ কোটি লিটার পানি পাওয়া যাবে।
এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. জহুরুল হক বলেন, প্রকল্পগুলোর কাজ শেষ হলে নগরে পানির সংকট আর থাকবে না। তখন পানি নিয়ে সব ধরনের অবৈধ বাণিজ্যও আপনাআপনি বন্ধ হয়ে যাবে।