
দিনাজপুরে ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন চিকিৎসকেরা। গতকাল বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চেতনানাশক দিয়ে তাকে অজ্ঞান করে এই পর্যবেক্ষণ করা হয়। তার ক্ষতিগ্রস্ত অঙ্গে দেখা দেওয়া সংক্রমণ নিয়ন্ত্রণকেই এখন গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকেরা।
ঢাকা মেডিকেলের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফ-উল হক এসব তথ্য জানিয়ে বলেন, শিশুটির শরীরে অস্ত্রোপচারের জন্য এক থেকে দুই মাস অপেক্ষা করতে হবে। বর্তমানে তার সংক্রমণ নিয়ন্ত্রণের বিষয়টিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মানসিক অবস্থা কিছুটা ভালো হলে শিশুটি বাড়ি ফিরতে পারবে।
পাঁচ বছরের এই শিশুকে গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। ওর মাথা, গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ঊরুতে সিগারেটের ছ্যাঁকার ক্ষত।
১৮ অক্টোবর শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও সেদিন তাকে পাওয়া যায়নি। পরদিন ভোরে শিশুটিকে তার বাড়ির কাছে হলুদখেতে গুরুতর অসুস্থ অবস্থায় পাওয়া যায়। প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে শিশুটি এখন ঢাকা মেডিকেলে।
গতকাল শিশুটির বাবা প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে এখন খাবার খেতে চাইছে। বেশির ভাগ সময় ঘুমের মধ্যে থাকে। তাঁদের বাবা-মা ডাকে, কিন্তু মাঝে মাঝে মনে হয়, মেয়ে কি তাঁদের চিনতে পারছে না? ব্যথা ও ভয়ে মেয়েটা অন্য রকম হয়ে গেছে।
শিশুটির বাবা ক্ষোভ এবং একই সঙ্গে অসহায় ভঙ্গিতে বলেন, ‘আমি চাই আমার মেয়ে সুস্থ হোক। আর যে আমার মেয়ের এই অবস্থা করছে তার ফাঁসি চাই। এত কষ্ট যেন আর কোনো বাবা-মা না পায়।’
অভিযুক্ত ব্যক্তিদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের জুডিশিয়াল কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দিনাজপুরের শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে। প্রসিকিউশনকে বিচার দ্রুত সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, ‘আমি আশা করব অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি যেন হয়। যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে কেউ সাহস না পায়।’
প্রথম আলোরদিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, ঘটনার পর শিশুটির বাবা ২০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজ (৪৮)। মামলার তদন্তকারী কর্মকর্তা স্বপন কুমার চৌধুরী বলেন, ২৪ অক্টোবর রাতে দিনাজপুর শহর থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে করা আবেদনের শুনানি গতকাল হওয়ার কথা থাকলেও হয়নি। আফজাল পলাতক।