সংখ্যালঘু পরিবারের কাছে টাকার দাবিতে চিঠি, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক সংখ্যালঘু পরিবারের কাছে চিঠি দিয়ে টাকা চাওয়ার অভিযোগে আনোয়ার হোসেন (২৫) নামের এক তরুণকে গত বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। আনোয়ার হোসেন উপজেলার মাজিন্দা গ্রামের খলিলুর রহমানের ছেলে।

ওই সংখ্যালঘু পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাজিন্দা গ্রামের ভগীরথ বর্মণের বাড়িতে গত ১৫ দিনে তিনটি উড়োচিঠি দেওয়া হয়। চিঠিতে এক লাখ টাকা দাবি করে জামায়াত-শিবির পরিচয় দিয়ে ভয়ভীতি দেখানো হয়। গত মঙ্গলবার শেষ চিঠি আসে। চিঠি মোতাবেক ভগীরথ বর্মণ গত বুধবার ভোরে গ্রামের একটি নির্জন মন্দিরের পাশে খড়ির মধ্যে টাকাসদৃশ কাগজ দিয়ে বান্ডিল করে দুপাশে কিছু টাকা দিয়ে রাখেন। ভগীরথের লোকজন নির্জন একটি স্থানে ওত পেতে থাকেন। বেলা ১১টার দিকে আনোয়ার ওই টাকা নিতে এলে লোকজন তাঁকে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ চিঠি জব্দসহ আনোয়ারকে গ্রেপ্তার করে।

ওসি আবদুর রাজ্জাক বলেন, আনোয়ারকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।