সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামে গত শনিবার হামলা চালিয়ে একটি সংখ্যালঘু পরিবারের ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
ওই পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, খেজুরডাঙ্গা গ্রামের দেবল বৈরাগী, তপন কুমার বৈরাগী, মনোজ বৈরাগী পৈতৃক বাড়িতে বসবাস করছেন। বাড়ির একটি ঘরে তাঁদের মা রেনুবালা বৈরাগী থাকেন।
গত শনিবার সকাল আটটার দিকে ওই জমি নিজের দাবি করে একই এলাকার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে সাত-আটজন শ্রমিক রেনুবালার ঘরে হামলা চালান। তাঁরা ঘর ভাঙচুর, আসবাব ও বাঁশ-খুঁটি, আলনাসহ জিনিসপত্র লুট করে নিয়ে যান।
রেনুবালা বৈরাগী বলেন, ২০০০ সালের বন্যায় তাঁর ঘরবাড়ি নষ্ট হয়ে যায়। ওই বছর একটি বেসরকারি সংস্থা তাঁকে একটি টিনশেড ঘর তৈরি করে দেয়। ঘরটিই ছিল তাঁর একমাত্র সম্বল। ওই ঘরে তিনি বসবাস করতেন। মেজো ছেলে তপন কুমার ছয়টি স্থানে তাঁর অংশের ১৯ শতক জমি ২০১৫ সালের ১২ অক্টোবর আসাদুজ্জামানের কাছে বিক্রি করেন। কিন্তু আসাদুজ্জামান ছয় স্থান থেকে জমি না নিয়ে তিনি (রেনুবালা) যে স্থানে বসবাস করেন ওই স্থানের ১১ শতক দখল করতে শনিবার ওই ভাঙচুর ও লুট চালান। অথচ ওই ১১ শতকের মধ্যে তাঁর মেজো ছেলের জমি চার শতকেরও কম।
ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে আসাদুজ্জামান বলেন, তিনি তপন কুমার বৈরাগীর কাছ থেকে ছয় স্থানে ১৯ শতক জমি কিনেছেন। স্থানীয় লোকজনের উপস্থিতিতে তপন কুমার বৈরাগী তাঁকে ওই ১১ শতকসহ ১৯ শতক জমি দেখিয়ে দিয়ে যান। সেই অনুযায়ী তিনি তাঁর কেনা জমি দখলে গিয়েছিলেন। তাঁকে অন্য স্থানে জমি দেওয়া হলে তিনি সেই স্থানে চলে যাবেন।
তবে তপন কুমার এলাকায় না থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, এ ঘটনায় রেনুবালা বৈরাগীর বড় ছেলে দেবল বৈরাগী বাদী হয়ে আসাদুজ্জামানসহ তিনজনের নাম উল্লেখ করে আরও সাত-আটজনের নামে গত রোববার মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।