সংখ্যালঘুর বাড়িতে হামলা লুট, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কোন্ডলা গ্রামে গত বৃহস্পতিবার রতন কুমার দাস নামের এক ব্যক্তির বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। বাধা দিলে তিন যুবক আহত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, নছিমনে করে গত বৃহস্পতিবার দুপুরে পাঁচ থেকে ছয়জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে রতন দাসের বাড়িতে এসে তাঁকে ডাকাডাকি করে। তাঁকে না পেয়ে বাড়ির বসতঘরের দরজা ভেঙে ঢুকে লুটপাট চালাতে থাকে। এ সময় বাড়ির সামনে দিয়ে যেতে থাকা তিন যুবক টের পেয়ে তাদের বাধা দেন। অস্ত্রধারীরা তাঁদের মারধর করে নছিমনে উঠে দ্রুত চলে যায়।
বাড়ির মালিক রতন দাস বলেন, ‘ঘটনার সময় আমি পাশের বাড়িতে ছিলাম। এই সুযোগে সন্ত্রাসীরা আমার ঘরে ঢুকে ৫০ হাজার টাকা ও দুটি সোনার হার নিয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘গ্রামের কারও সঙ্গে আমার বিরোধ নেই। বরং গ্রামের ছেলেরা সন্ত্রাসীদের বাধা দিয়েছে। ওরাও সন্ত্রাসীদের হামলার শিকার। পরে ওরা প্রাথমিক চিকিৎসা নেয়।’
প্রতিবেশী লিটন সরকার বলেন, হামলাকারীরা বহিরাগত। গ্রামের কেউ তাদের চেনে না।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। হামলাকারীদের পথে পেয়ে আটকানোর চেষ্টা করলে তারা খাল সাঁতরে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’