সংগঠনের চার নেতা-কর্মীকে ছাত্রলীগের মারধর
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী নিজ সংগঠনের চারজনকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জব্বার মোড় এলাকায় গত রোববার সন্ধ্যায় তাঁদের মারধর করা হয়।
এদিকে আহত চারজনকে আগামী তিন মাসের জন্য সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী তিনজন বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী সহসম্পাদক শেখ মারুফ আহমেদ, সংগঠনের কর্মী সৈয়দ রাকিব, কামরুল হাসান ও আকিল আক্তারকে ডেকে পাঠান। এ সময় তাঁদের বিরুদ্ধে সংগঠনবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। পরে তাঁদের কান ধরানো হয় এবং কিল-ঘুষি ও লাথি মারা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। কামরুল গুরুতর আহত হওয়ায় তাঁকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. মুর্শেদুজ্জামান খান বলেন, ‘চারজনকে মারধর করা হয়নি। হুঁশিয়ার করা হয়েছে মাত্র।’
ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আল-মামুন বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।