নরসিংদীতে নিখোঁজের ১৮ দিন পর সংগীতশিল্পী প্রমোদ কুমার বাড়ৈ ওরফে প্রমিতের মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। ‘খুনিদের’ তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে রায়পুরা উপজেলার রাধানগর এলাকায় মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়। স্বর্ণালংকারের জন্য তাঁকে খুন করা হয়।
প্রমোদ কুমার গতকাল বলেন, তাঁর মা কমলা রানী বাড়ৈ (৭০) পলাশ উপজেলার পণ্ডিত পাড়া গ্রামের থাকতেন। তিনি পাওনা টাকা আনতে ১০ এপ্রিল সকালে মনোহরদীর তাঁতারদি এলাকায় উপজেলার রাধানগর এলাকায় রিপন বিশ্বাসের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু এরপর থেকে কমলা রানী নিখোঁজ ছিলেন। পরদিন থেকে রিপন ও তাঁর পরিবারের লোকজন গা ঢাকা দেন। তিনি (প্রমোদ) ১৬ এপ্রিল পলাশ থানায় জিডি করেন। কিন্তু পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। পরে তিনি পুলিশ সুপারকে (এসপি) বিষয়টি অবহিত করেন। এসপি আমেনা বেগম জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের দায়িত্ব দেন। ডিবির এসআই আবদুল গাফফারের নেতৃত্বে গত বুধবার রাতে রাধানগর এলাকা থেকে রিপনকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বিকেেল রিপনের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শুকনো খালে মাটি খুঁড়ে কমলার লাশ উদ্ধার করা হয়।
প্রমোদ কুমার আরও বলেন, ‘মায়ের সন্ধান পেতে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। আমার মন বলছিল, মাকে হত্যা করা হয়েছে। আমার আশঙ্কাই সত্যি হলো।’
রিপনের বরাত দিয়ে এসআই আবদুল গাফফার জানান, কমলার হাতে, কানে ও গলায় স্বর্ণালংকার ছিল। এগুলো হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই রিপন ও তাঁর সহযোগী আনন্দ মণ্ডল কমলাকে হত্যা করেন।