নোয়াখালীর হাতিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের কিল্লাবাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ নয়জনকে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে চরকিং ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকেরা কিল্লা বাজারে ছিল বের করেন। এ সময় দলের ‘বিদ্রোহী’ প্রার্থী মহিউদ্দিন মহিনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে ছররা গুলি ও লাঠির আঘাতে ১৪ জন আহত হন।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহিদুল ইসলাম বলেন, চরকিং থেকে মারামারির ঘটনায় নয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাঁরা ছররা গুলিতে আহত হয়েছেন।
বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মহিন অভিযোগ করেন, তাঁর সমর্থকেরা বাজারের একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় নৌকার প্রার্থীর পক্ষে একটি মিছিল বাজার প্রদক্ষিণকালে অতর্কিতে তাঁর সমর্থকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু হয়। এতে তাঁর নয়জন কর্মী গুলিবিদ্ধ হন। তিনি দাবি করেন, তাঁর সমর্থকেরা পাল্টা হামলা করেননি।
তবে বিদ্রোহী প্রার্থীর অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন। তাঁর দাবি, বিদ্রোহী প্রার্থী নদী থেকে ডাকাত এনে বাজারে এলোপাতাড়ি গুলি শুরু করেন। এ সময় তাঁর লোকজন ধাওয়া দিলে দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে তাঁর চারজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আরও একজন কর্মী আহত হন।
হাতিয়া থানার ওসি এ টি এম আরিছুল হক গত রাত সোয়া ১১টায় মুঠোফোনে বলেন, ‘চরকিং ইউনিয়নের কিল্লাবাজারে নৌকার সমর্থকেরা বিদ্রোহী প্রার্থীর লোকজনের ওপর হামলা করেছে বলে শুনেছি। এতে কয়েকজন আহত হয়েছে।’