লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ও চর রমিজ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের সময় সংঘর্ষ, গুলি, কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ওই দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে ভোট হয়।
হামলার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। ওই সময় একটি কেন্দ্রে প্রায় এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।
এদিকে গতকাল ওই দুই ইউনিয়নের ১৫টি কেন্দ্র ঘুরে কোথাও ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ করা যায়নি। তবে প্রতিটি কেন্দ্রের ভেতরে বিভিন্ন কক্ষে হিসাব করে দেখা গেছে, বিপুল ভোট পড়েছে। কোনো কোনো কেন্দ্রে স্বচ্ছ বাক্স ব্যালটে ভরে আছে।
বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব চরগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত সদস্য পদপ্রার্থী শেখ ফরিদ ও অজি উল্যাহর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। দুপুর সাড়ে ১২টায় পশ্চিম চরগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত সদস্য প্রার্থী কবির উদ্দিন ও জহির উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এতে কয়েকজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হন।
এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিনহাজ উদ্দিন বলেন, সংঘর্ষের সময় তাঁকে লাঞ্ছিত করা হয়। ওই সময় প্রায় এক ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।
জয়নাল আবেদিন মুন্সীর মসজিদ-সংলগ্ন অস্থায়ী কেন্দ্রে বেলা দেড়টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত সদস্য প্রার্থী হেলাল উদ্দিন ও দিলদার হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। কেন্দ্রের ৭ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নাছির উদ্দিন বলেন, সংঘর্ষের সময় হামলাকারীরা ব্যালটের দুটি বই ছিনিয়ে নেয়।
চরগাজী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাহফুজুল হক শের আলী অভিযোগ করেন, তাঁর এজেন্টদের বের করে দিয়ে তালগাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তাওহীদুল ইসলামের সমর্থকেরা সব কটি কেন্দ্র দখল করে নেন। এদিকে চর রমিজ ইউনিয়নের চর গোসাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য প্রার্থী মো. নোমান ও নুর উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন।
রিটর্নিং কর্মকর্তা জাকির মাহমুদ বলেন, কয়েকটি কেন্দ্রে কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা নিয়ন্ত্রণ করেছেন।
আ.লীগ–সমর্থিত দুই প্রার্থীর জয়: চরগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী তাওহীদুল ইসলাম ও চর রমিজ ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম ছারোয়ার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।