কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র দখল ও বিএনপির প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। কারচুপির অভিযোগে দুপুর ১২টার মধ্যেই দুই ইউনিয়নে বিএনপির দুই প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
গতকাল মঙ্গলবার কুতুবদিয়ার ছয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ১০টার দিকে আলী আকবর ডেইল ইউনিয়নের কবি জসীমউদ্দীন উচ্চবিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ শুরু হয়। সদস্য পদপ্রার্থী ফরিদুল ইসলাম বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী হারুনর রশীদের সমর্থকেরা জাল ভোট দিতে গেলে তাঁর সমর্থকেরা বাধা দেন। এরপর হারুনের কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে ভোটকেন্দ্র দখল করে নেন।
ইউপি সদস্য পদপ্রার্থী রহমত উল্লাহ, জাহাঙ্গীর সিকদার ও নজরুল ইসলামও একই অভিযোগ করেন।
বেলা ১১টার দিকে আলী আকবর ডেইল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ খান চৌধুরী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি বলেন, নয়টি কেন্দ্রের মধ্যে সাতটি কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করে নেন আওয়ামী লীগের প্রার্থী নুরুচ্ছফার কর্মী-সমর্থকেরা। এ কারণে নির্বাচন বর্জন ছাড়া আর কোনো উপায় নেই।
ভোট ডাকাতির অভিযোগ এনে বেলা সাড়ে ১১টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন বড়ঘোপ ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. মোবারক হোছাইন ও স্বতন্ত্র প্রার্থী শাকের উল্লাহ।
স্থানীয় সূত্র জানায়, কেন্দ্র দখল ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বড়ঘোপ ইউনিয়নের বিভিন্ন স্থানে সকাল থেকে থেমে থেমে সংঘর্ষ হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষ ব্যাপক আকারে রূপ নেয়। সংঘর্ষ থামাতে পুলিশ শতাধিক রাবার বুলেট ছোড়ে। এসব ঘটনায় অন্তত ২৫ জন আহত হন। আহত ব্যক্তিদের কুতুবদিয়া, কক্সবাজার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির প্রার্থী মো. মোবারক হোছাইন বলেন, বড়ঘোপ ইউনিয়নের নয়টি কেন্দ্রের মধ্যে আটটি কেন্দ্র নৌকার প্রার্থী ফরিদুল ইসলাম তাঁর নেতা-কর্মীদের নিয়ে দখল করে নেন। সকাল ১০টার মধ্যে ভোট শেষ হয়ে গেছে। তিনি বলেন, ‘মনোহরখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বিচারে গুলি ছোড়া হয়। এতে আমার আটজন সমর্থক গুরুতর আহত হন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকায় আমি নির্বাচন বর্জন করেছি।’
তবে আলী আকবর ডেইলে আওয়ামী লীগের প্রার্থী নুরুচ্ছফা ও বড়ঘোপ ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী ফরিদুল আলম ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ অস্বীকার করেছেন। নুরুচ্ছফা বলেন, ‘বিএনপির প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে আগেভাগেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।’ ফরিদুল আলম বলেন, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী ষড়যন্ত্র করতে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, উত্তর ধুরুং ইউনিয়নের আজগরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাত-আটজন আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৈয়ারবিল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু মুছার সমর্থকেরা ৩০০টি ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ তুলে ১০টি যানবাহন ভাঙচুর করেছেন।
দক্ষিণ ধুরুং ও লেমশীখালী ইউনিয়নের কোনো ভোটকেন্দ্রে গোলযোগের খবর পাওয়া যায়নি।
কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোট সুষ্ঠুভাবে শেষ হয়েছে। বিচ্ছিন্ন সংঘর্ষে ২০-৩০ জন আহত হয়েছেন।