সংঘর্ষ-গুলি, চেয়ারম্যানকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলায় চারটি ও ছাগলনাইয়া উপজেলায় পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। মারধর করা হয়েছে একজন ইউপি চেয়ারম্যানকে। এ ছাড়া দুর্বৃত্তদের ছোড়া ককটেলে পুলিশের একজন কর্মকর্তা আহত হয়েছেন।
ফেনী সদর উপজেলায় ভোটকেন্দ্র দখলের অভিযোগে বিএনপির তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সদস্য প্রার্থী মো. শাহজাহান, তাঁর ভাই জয়নাল আবদীন এবং শাহাদাত হোসেন ও আমান উল্যা গুলিতে আহত হন। একই ইউনিয়নের শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে প্রতিপক্ষের গুলিতে আহত হন এক ব্যক্তি।
মুহুরীগঞ্জ বিদ্যালয় কেন্দ্রের বাইরে ছাগলনাইয়ার ঘোপাল ইউপির বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আজিজুল হককে মারধর করা হয়। তিনি বলেন, হামলাকারীরা সবাই বহিরাগত।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর সতর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কবির আহম্মদ, মো. মুছা মিয়া, কাজী রাসেল, মো. বাবুল, মো. আরাফাত ও রফিকুল ইসলাম গুলিতে আহত হন।
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে সকালে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ ছাড়া বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ককটেলের স্প্লিন্টারের আঘাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইয়াসিন আহত হন। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ১০টি শটগানের গুলি ছোড়ে।
স্থানীয় সূত্র জানায়, লেমুয়া ইউনিয়নের কেরনিয়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে ব্যাপক ককটেল ফাটিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হয়। এ সময় পুলিশ বাধা দিলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ শটগানের ১৪টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সোহেল রানা বলেন, জাল ভোট দেওয়ার অভিযোগে ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা কেন্দ্রে আওয়ামী লীগের নেতা জুলফিকার আলী ও মুহুরীগঞ্জ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ছাত্রলীগের কর্মী শেখ সফিকুল আলমকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে ভোটকেন্দ্র দখলের অভিযোগে সদর উপজেলার ধলিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও বিএনপির প্রার্থী জাকির হোসেন জসিম, লেমুয়ার ফেরদৌস কোরেশী ও ফরহাদনগরের আলমগীর চৌধুরী বেলা ১১টায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থকেরা আগের রাত থেকে ভোটারদের ভয়ভীতি দেখান ও কেন্দ্রে যেতে নিষেধ করেন। সকালে বহিরাগতদের সহযোগিতায় ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা হয়।
বিভিন্ন এলাকার ভোটাররা বলেন, গত শুক্রবার রাত থেকে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে বহিরাগত দলীয় নেতা-কর্মীরা জড়ো হন। তাঁরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শামীম আরা প্রথম আলোকে বলেন, নির্বাচনী সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ আটজনকে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁদের ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ছরোয়ার জাহান বলেন, ছররা গুলিতে আহত ব্যক্তিরা শঙ্কামুক্ত।
ফেনীর সহকারী পুলিশ সুপার মো. আমিরুল আলম দুটি ভোটকেন্দ্র এলাকায় ২৪টি শটগানের গুলি ছোড়ার সত্যতা নিশ্চিত করেছেন।
ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন ও ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নে শুধু চেয়ারম্যান পদে এবং ছনুয়া ইউনিয়নে একটি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন হয়।