সংঘর্ষ থামাতে গিয়ে একজনের মৃত্যু
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নজিরউদ্দিন আহমেদের (৬৫) মৃত্যু হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং পুলিশের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাগুড়া ইউপি ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মমতাজুর রহমানের (৪০) সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বী আলিমুজ্জামানের (৪৫) দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে মমতাজুরের বাবা নজিরউদ্দিন সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে যান। তবে সংঘর্ষের দৃশ্য দেখে ঘটনাস্থলেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। গুরুতর আহত আট ব্যক্তিকে রংপুর মেডিকেেল ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় কোনো পক্ষ থেকেই মামলা করা হয়নি। নিহতের পরিবার লিখিতভাবে হৃদরোগে আক্রান্তে মৃত্যুর কথা উল্লেখ করে তাঁর লাশ গ্রহণ করেছে।