সংঘর্ষ থামাতে গিয়ে জাপা নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে জাতীয় পার্টির (জাপা) এক নেতা নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, পূর্ব বিরোধের জের ধরে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে রশিদপুরে মমতাজ উদ্দিন ও দুলাল মিয়া পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। এ সময় উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ (৪০) সংঘর্ষ থামাতে সেখানে যান। এ সময় তাঁর মাথায় লাঠির আঘাত পড়ে । এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ওসি জানান, এই ঘটনায় মমতাজ উদ্দিন ও দুলাল মিয়াসহ ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলছে। মাসুদের মরদেহ থানায় আছে। ময়নাতদন্তের জন্য তা রংপুর মেডিকেল কলেজেরে মর্গে পাঠানো হবে।