সংঘর্ষ থামাতে গিয়ে জীবন গেল একজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘর্ষ থামাতে গিয়ে জীবন গেল আবদুল জলিলের (৫৫)। গতকাল শুক্রবার রাতে মাগুরার শালিখা উপজেলার চটকাবাড়িয়া এবং ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের দুই দল গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে তিনি হামলার শিকার হন। এতে আহত হন অন্তত ৮-১০ জন।


পুলিশ ও গ্রামের লোকজনের ভাষ্য, ওই দিন সন্ধ্যায় কালিগঞ্জের নাটোপাড়া বাজারে টেলিভিশন দেখা নিয়ে শালিখার চটকাবাড়িয়া গ্রামের রাসেল (১৩) ও সোহেল (১৪) নামের দুই কিশোরের সঙ্গে কালিগঞ্জের নাটোপাড়ার তোতা (২০) নামের এক যুবকের হাতাহাতি হয়। এ নিয়ে রাত আটটার দিকে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে নাটোপাড়ার আবদুল জলিল, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতাউর রহমান ও ছগির মিয়া নামের তিন ব্যক্তি চটকাবাড়িয়ায় আসেন। এ সময় তাঁরা হামলার শিকার হন। আতাউর রহমান ও ছগির মিয়া পালিয়ে গেলেও আবদুল জলিলকে হামলাকারীরা কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেওয়া পথে রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় প্রথম আলোকে বলেন, গ্রাম দুটি দুই জেলার সীমান্তে। আবদুল জলিল সংঘর্ষ থামাতে এসেছিলেন। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

যোগাযোগ করা হলে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, লাশের ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।