সংঘর্ষ থামানোর জেরে হামলা, দাখিল পরীক্ষার্থী আহত
শেরপুরের শ্রীবরদীতে দুই পক্ষের সংঘর্ষ থামিয়ে দেওয়ার জেরে প্রতিপক্ষের হামলায় মো. আসাদুল্লাহ (১৬) নামের একজন দাখিল পরীক্ষার্থী আহত হয়েছে। তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার কুরুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত আসাদুল্লাহ উপজেলার বালিয়াচন্ডি গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। শংকরঘোষ এ. জব্বার দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদীর বালিয়াচন্ডি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রানা মিয়ার সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে সহপাঠী শুকুর আলীর পূর্ব বিরোধ ছিল। এর জেরে গতকাল বুধবার বিকেলে দুজনের সংঘর্ষ হয়। এ সময় রানার প্রতিবেশী ও বন্ধু মাদ্রাসা ছাত্র আসাদুল্লাহ তার সহপাঠীদের নিয়ে দুজনের সংঘর্ষ থামিয়ে দিয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি মিটমাট করে দেয়। এ ঘটনার জেরে আজ সকালে আসাদুল্লাহ বাড়ি থেকে মোটরসাইকেলে করে উপজেলা সদরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় কুরুয়া বাজারে শুকুর আলী লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। এতে আসাদুল্লাহ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরপরই শুকুর আলী পালিয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আনিসুর রহমান সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আসাদুল্লাহর মাথায় ও ডান হাতে লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে। তার মাথার পেছন দিকে ফেটে যাওয়ায় একাধিক সেলাই দিতে হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সে আজকের অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।