লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের কোড়েক কলোনি এলাকায় জমি নিয়ে সংঘর্ষের জের ধরে গতকাল রোববার দুপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতঘর পুড়ে গেছে।
এর আগে গত শনিবার সকালে স্থানীয় আবদুল মালেক মাঝি ও আবদুজ জাকের মাঝির লোকজনের মধ্যে ওই সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষে চার নারীসহ ২০ জন আহত হন। গুরুতর আহত জাকের মাঝিকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহত ব্যক্তিদের নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে জাকের মাঝি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ মালেক মাঝির বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনার পর উভয় পক্ষের লোকজন এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। এ কারণে ঘটনার ব্যাপারে কোনো পক্ষের সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি।
চর পোড়াগাছা ইউনিয়নের স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আজাদ উদ্দিন বলেন, আবদুজ জাকের মাঝি দীর্ঘদিন ধরে আবুল হোসেনের জমি বর্গাচাষ করছিলেন। স্থানীয় আবদুল মালেক ওই জমির মালিকানা দাবি করে শনিবার সকালে বিতর্কিত জমি থেকে মাটি কাটতে যান। ওই সময় জাকের মাঝি বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। এতে জাকের মাঝি (৫৫) ও তাঁর পক্ষের আবদুল মতিন মাঝি, ইমাম উদ্দিন, লাকী আক্তার, রেহেনা বেগমসহ কয়েকজন আহত হন। অপর পক্ষে আবদুল মালেক মাঝি ও তাঁর পক্ষের মো. শেখ ফরিদ, মো. গিয়াস উদ্দিন, মো. হেলাল উদ্দিন, মো. বেলাল হোসেন, শারমিন আক্তার, মাহিনুর বেগমসহ কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত জাকের মাঝিকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হলে গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রামগতি থানার ওসি ইকবাল হোসেন বলেন, শনিবারের সংঘর্ষের ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। গতকাল দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় জাকের মাঝির মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ মালেক মাঝির বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। এতে দুটি বসতঘর পুড়ে যায়। অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।