দেশের ৫১টি জেলার ১৫৫ ইউনিয়ন পরিষদে (ইউপি) গত রোববার নির্বাচনের পর ওই দিন রাত থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ছয় জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে জয়ী ও পরাজিত প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এতে আহত হয়েছেন ৫৭ জন।
রোববার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হামলা-সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর গতকালও সেখানে সহিংসতার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ ইউনিয়নের লোহারাঙ্ক গ্রামে রোববার রাতে ১০টি বাড়িতে ভাঙচুর করা হয়েছে। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিজয়ী সদস্য মুসা বিশ্বাসের সমর্থকেরা পরাজিত প্রার্থী জাকির দাড়িয়ার সমর্থকদের এসব বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। এ সময় আহত হন ১৫ জন। পুলিশ লুণ্ঠিত কিছু মালামাল উদ্ধার করেছে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের বিজয়ী সদস্য মো. বাহাদুর ভূঁইয়ার সমর্থক মিন্টুর নেতৃত্বে ১৫-১৬ জন পরাজিত প্রার্থী মো. জামান হোসেনের সমর্থক মো. রাকিবুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছেন। বাধা দিতে গেলে রাকিবুলকে মেরে আহত করা হয়। ৩ নম্বর ওয়ার্ডের আশাখালী বাজারে গতকাল সকালে এ ঘটনা ঘটেছে।
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক নারীসহ তিনজন আহত হন। সকালে দেউলবাড়ি দোবরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য আবদুস সালামের সমর্থকেরা বিজয়ী সদস্য সন্তোষ কুমার মজুমদারের সমর্থক গাওখালী গ্রামের হরলাল মিস্ত্রিকে মারধর করেন। এ ছাড়া পূর্ব গাওখালী গ্রামের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ইব্রাহিম মাঝিকে পেটান দলটির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এফ এম রফিকুল আলমের সমর্থকেরা। আগের দিন রাতে শ্রীরামকাঠি ইউনিয়নের মধ্য জয়পুর গ্রামের লোকমান হোসেনের স্ত্রী ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ফজিলা বেগমকে মারধর করেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের লোকেরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউপির সদস্য পদে উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শিউলী আক্তারের সমর্থকদের সঙ্গে পরাজিত রোশেনা বেগমের সমর্থকদের মধ্যে গতকাল সকালে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। লুটপাট করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাঁচজনকে আটক করেছে পুলিশ। এদিকে মাইকে ঘোষণা দিয়ে গতকাল সকালে বাঞ্ছারামপুরের দরিয়াদৌলত ইউপির সদস্য পদে বিজয়ী শফিকুল ইসলাম ও পরাজিত প্রার্থী ইসমাইল সরকারের সমর্থকদের মধ্যে দরিয়াদৌলত গ্রামে সংঘর্ষে তিনজন আহত হন। তিনজনকে আটক করেছে পুলিশ।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন-পরবর্তী সংঘর্ষে আটজন আহত হয়েছেন। দুজনকে আটক করেছে পুলিশ। ওয়ার্ডের সদস্য পদে বিজয়ী শহিদুল ইসলাম ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফার সমর্থকদের মধ্যে গতকাল দুপুরে এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইলের সখীপুরে গতকাল বিকেলে দাড়িয়াপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রতিমা বংকী গ্রামে সংঘর্ষে ১২ জন আহত হন।