সংঘর্ষে আহত ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া গ্রামে গত শনিবারের সংঘর্ষে আহত কলেজছাত্র তাপস মোল্লা (১৯) মারা গেছেন। গতকাল সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত তাপস উপজেলার মাজড়া পূর্বপাড়া গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে। তিনি স্থানীয় রামদিয়া সরকারি এস কে কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়তেন। ঈদের আগে স্থানীয় প্রভাবশালী জালাল মোল্লা এলাকায় গরুর হাট বসান। এ নিয়ে স্থানীয় অপর প্রভাবশালী ফায়েকুজ্জামানের সমর্থকদের মধ্যে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরেই শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তাপসসহ ৩৫ জন আহত হন। তাপস জালাল মোল্লা পক্ষের সমর্থক ছিলেন। কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম বলেন, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ১৮ থেকে ২০টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।