সংঘর্ষে আহত ছাত্রের মৃত্যুর খবরে বাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত রিপন আহমদ নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তাদের পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রিপন (১৮) উপজেলার সেনপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে। তিনি জাউয়াবাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সেনপুর গ্রামের রইছ উদ্দিন ও আবু বক্করের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে রইছ উদ্দিনের পক্ষের লোকজন একটি ঘর নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষের লোকজন বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে রইছ উদ্দিনের ছেলে রিমন আহমদসহ উভয় পক্ষের তিনজন আহত হন। ওই দিনই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
গতকাল রিপনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে আবু বক্করের পক্ষের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। পরে দুপুরে তাঁদের বাড়িঘরে প্রতিপক্ষের লোকজন ভাঙচুর চালান ও অগ্নিসংযোগ করেন। এতে অন্তত ১০টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ছাতক থানার পুলিশ ওই গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।