সংঘর্ষে আহত দুজনের মৃত্যু
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নয়াকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত রাসেল শেখ (১৮) নামের এক তরুণ গতকাল শুক্রবার মারা গেছেন। ঝিনাইদহের শৈলকুপার রত্নাট গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত মনসের আলী (৪৫) গতকাল ভোরে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মুকসুদপুরের নয়াকান্দি গ্রামের আলমগীর মোল্লা ও চুন্নু মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে রাসেলসহ তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে ঢাকায় নেওয়ার পথে রাসেলের মৃত্যু হয়।
শৈলকুপা থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, রত্নাট গ্রামে মঙ্গলবার রাতে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম এবং আরেক আওয়ামী লীগ নেতা চাঁদ আলী মিয়ার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে আলম সরদার নামের একজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে মনসের আলী গতকাল ভোরে মারা যান।