সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যুর ঘটনায় ফের সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে গত মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত এক যুবক গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর জের ধরে গতকাল দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়েছেন।
গতকাল মারা যাওয়া যুবকের নাম সচ্চল মিয়া (২৬)। তিনি উপজেলার পত্তন ইউনিয়নের মাশাউড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে এবং পত্তন ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক মিয়ার ছোট ভাই।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাশাউড়া গ্রামের ফারুক মিয়ার লোকজনের সঙ্গে একই গ্রামের ইব্রাহিম মিয়ার লোকজনের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে গত মঙ্গলবার সকাল আটটার দিকে ইব্রাহিম মিয়ার দুই ছেলে মুসলিম মিয়া ও ভুট্টো মিয়ার নেতৃত্বে কয়েকজন লোক ফারুক মিয়া পক্ষের অহিদ মিয়ার বাড়িতে হামলা চালান। এ নিয়ে পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আহতদের মধ্যে সচ্চল মিয়া ও শারমিন আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় সচ্চল মারা যান। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন গতকাল সকাল সাতটার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়েন।