সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামে ঈদগাহ মাঠে মুসল্লিদের দানের টাকার হিসাবকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গত শনিবার সকালে ঈদের নামাজ শেষে উপজেলার নগর ইউনিয়নের নিতাইনগর ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে ঈদগাহ মাঠের উন্নয়নকল্পে স্থানীয় আওয়ামী লীগ কর্মী আসলাম হোসেন ও তাঁর লোকজন দান নেওয়া শুরু করেন। এ সময় প্রতিপক্ষ আওকাত হোসেন-সমর্থিত লোকজন তাতে বাধা দিয়ে আগের আদায় করা টাকার হিসাব চান। এ সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।’