সংঘর্ষে ইউপি সদস্য নিহত
কুড়িগ্রামের রাজীবপুরে সংঘর্ষে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তারা মিয়া (৪২) নিহত হয়েছেন। খাসজমির দখলকে কেন্দ্র করে গত রোববার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের বড়বেড় এলাকার ৩২৫ একর খাসজমির দখল নিয়ে বর্তমান ইউপি সদস্য তারা মিয়া ও সাবেক ইউপি সদস্য নুরুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে রোববার রাতে বড়বেড় বাজারে উভয়ের মধ্যে সালিস বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে তারা ও তাঁর লোকজনকে প্রতিপক্ষ অবরুদ্ধ করে ফেলে। এ খবরে তারার সমর্থকেরা সংগঠিত হয়ে হামলা করে তাঁকে উদ্ধার করে। এ সময় কয়েকজন আহত হয়। এ ঘটনার পর উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। রাত ১২টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে তারা মিয়া কয়েকজন সঙ্গী নিয়ে কীর্ত্তণতারি নৌঘাট এলাকার নিজ বাড়ির উদ্দেশে রওনা করেন। ওই নৌঘাট এলাকায় পৌঁছামাত্র প্রতিপক্ষের ২০-২৫ জন লোক তারা মিয়ার ওপর আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা তারার দুই হাত-পা ভেঙে দেয়, তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। হামলায় তারার পক্ষের আরও কয়েকজন আহত হয়। পরে আহত ব্যক্তিদের রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তারাকে মৃত ঘোষণা করেন। তারা মোহনগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতিও ছিলেন।
উপজেলার ঢুষমারা থানার ওসি ফরিদ হোসেন জানান, এ ঘটনায় তারা মিয়ার স্ত্রী শিউলী খাতুন বাদী হয়ে গতকাল সোমবার থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।