বান্দরবানে পরিবহনশ্রমিক ধর্মঘটে ধর্মঘটিদের সঙ্গে সুয়ালকের স্থানীয় লোকজনের সংঘর্ষে গতকাল রোববার উপজেলা চেয়ারম্যানসহ পাঁচজন আহত হয়েছেন। শ্রমিকেরা অভিযোগ করেছেন, সুয়ালকের কতিপয় লোকজন তাঁদের ওপর হামলা চালিয়েছেন।
পরিবহন শ্রমিক সমিতির বান্দরবানের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস বলেন, পরিবহনশ্রমিকদের দাবিদাওয়া নিয়ে বান্দরবানসহ বৃহত্তর চট্টগ্রামে তাঁরা ধর্মঘটের ডাক দিয়েছেন। সারা দিন শান্তিপূর্ণভাবে ধর্মঘট চলাকালে বান্দরবানের প্রবেশমুখ সুয়ালকে শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। এতে তাঁদের চারজন শ্রমিক আহত হয়েছেন। তাঁরা হলেন দীন মোহাম্মদ, অপু বড়ুয়া, মোহাম্মদ সুমন ও ইকবাল। তাঁদের মধ্যে দীন মোহাম্মদের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্দরবান সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুস সংঘর্ষের সময় উভয় পক্ষকে নিবৃত্ত করতে গিয়ে ইটের আঘাতে আহত হয়েছেন। তিনি বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুয়ালক বাজারের হেলাল উদ্দিন হামলার কথা অস্বীকার করে বলেছেন, শ্রমিকেরা প্রথমে মোটরসাইকেলের কয়েকজন চালকের ওপর হামলা চালালে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা প্রতিরোধের চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকেরা নির্বিচারে ভাঙচুর চালান এবং কয়েকটি দোকানে আগুন লাগিয়ে দেন।