সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা চাওয়া নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবু তালেব মিয়া (৫৫)। তিনি বালিয়াপাড়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে।
পুলিশ জানায়, আড়াইহাজার উপজেলার কল্যান্দী বালিয়াপাড়া গ্রামের আবু তালেবের মেয়ে সেলিনা পাশের বাড়ির রুকু মিয়ার ছেলে সোহেলের কাছে ৮০০ টাকা পান। ওই পাওনা টাকা চাওয়া নিয়ে গতকাল বিকেলে সেলিনার সঙ্গে সোহেলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষ সোহেলের লোকজন পিটিয়ে সেলিনার বাবা আবুল তালেবসহ ছয়জনকে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন।