সংঘর্ষে কলেজছাত্রসহ ১৪ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হামছাদী ও ঝালকান্দি গ্রামে গতকাল শুক্রবার পৃথক ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক কলেজছাত্রসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের আমির আলীর সঙ্গে একই গ্রামের ওয়াস কোরনী মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। গতকাল পুকুরে মাছ ধরা নিয়ে আমির আলীর কলেজপড়ুয়া ছেলে সাইফুল ইসলামের সঙ্গে ওয়াস কোরনীর কথা–কাটাকাটি হয়। এর জের ধরে ওয়াস কোরনী ও তাঁর সহযোগীরা সাইফুলকে কুপিয়ে জখম করেন। চিৎকার শুনে তাঁর পক্ষের কয়েকজন এগিয়ে আসেন। এ সময় তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।
এদিকে উপজেলার জামপুর ইউনিয়নের ঝালকান্দি গ্রামের নুরুল ইসলামের সঙ্গে মোজাম্মেল হকের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে প্রথমে মোজাম্মেল হকের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নুরুল ইসলামসহ তাঁর পরিবারের পাঁচজন আহত হন। পরে নুরুল ইসলামের লোকজন হামলা চালিয়ে মোজাম্মেল হকসহ পাঁচজনকে পিটুনি দেন।
আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ রুবেল মিয়া ও আসাদুজ্জামানকে আটক করেছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল হক বলেন, দুটি সংঘর্ষের ঘটনায় পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। দোষী ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।