সংঘর্ষে দুই বিজিবি সদস্যসহ আহত ৪
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গতকাল রোববার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর গ্রামবাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিজিবির দুজন জওয়ানসহ চারজন আহত হয়েছেন। রৌমারী উপজেলার চর নতুন বন্দর সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে দুইটার দিকে চর নতুন বন্দর গ্রামের মতিয়ার রহমান ও শফিকুল ইসলাম নামের দুজন চোরাকারবারি ১০৬৫ নম্বর পিলারের কাছে ভারতীয় সীমান্তে মালপত্র আনতে যায়। তখন বিজিবি সদস্যদের সঙ্গে চোরাকারবারিরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। গ্রামবাসী চোরাকারবারিদের পক্ষে সংঘবদ্ধ হয়ে টহলরত বিজিবির ওপর হামলা চালান। এতে ইজলামারী বিজিবি ক্যাম্পের নায়েক কার্জেন ও সদস্য মিরাজ আহত হন।
রৌমারী সদর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুর রফিক বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মতিয়ার ও শফিকুল কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে মাদক নামাচ্ছিলেন। তাঁদের বাধা দিলে এ ঘটনা ঘটে।
তবে মতিয়ার ও শফিকুলের কয়েকজন আত্মীয় বলেন, মতিয়ার ও শফিকুল সীমান্তে গরু চরানোর জন্য যান। এ সময় বিজিবি সদস্যরা বাধা দিলে তাঁরা এর প্রতিবাদ করেন। তখন ক্ষিপ্ত হয়ে সদস্যরা তাঁদের দুজনকে মারধর করেন। তখন গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে বিজিবির সদস্যদের ওপর চড়াও হয়। এ ঘটনার পর থেকে গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
রৌমারী থানার ওসি এ বি এম সাজেদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’
জামালপুর বিজিবির ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতিকুর রহমান বলেন, কর্তব্যরত বিজিবি সদস্যরা সীমান্তে চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তাঁদের ওপর হামলা করা হয়।