সংঘর্ষে নিহত ১, আজ সিরাজগঞ্জে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের পৌর এলাকায় গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ৫০টি গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আজ মঙ্গলবার সিরাজগঞ্জে সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে ভাঙ্গাবাড়ি মহল্লাবাসী।
ভাঙ্গাবাড়ি মহল্লার লোকজন ইমরানের লাশ নিয়ে গতকাল সন্ধ্যায় শহরে প্রতিবাদ মিছিল করে। পরে তারা সয়াগোবিন্দ প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর সেলিম আহমদ এলাকাবাসীর পক্ষ থেকে আজ মঙ্গলবার সিরাজগঞ্জে সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল পালনের ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর এলাকার দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল বেলা একটার দিকে উভয় মহল্লার বাসিন্দাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা, ফালা, হলঙ্গাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের ১২-১৩টি বাড়িঘর ভাঙচুর ও তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
প্রতিপক্ষের ফালার আঘাতে ভাঙ্গাবাড়ি মহল্লার সয়াগোবিন্দ এলাকার ইকবাল হাসানের ছেলে ইমরান হোসেন (২০) গুরুতর আহত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষে আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শটগানের অর্ধশতাধিক গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফোরকান আলী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনাস্থল থেকে হৃদয়, সুমন, সাগর, জাহাঙ্গীর, সবুজ, মনি, বিপ্লব, নবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।